Apan Desh | আপন দেশ

গার্দিওয়ালার চোখে ফাইনালে স্পেনের ‘তুরুপের তাস’

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১১, ১৭ জুলাই ২০২৬

গার্দিওয়ালার চোখে ফাইনালে স্পেনের ‘তুরুপের তাস’

ছবি সংগৃহীত

আক্রমণের সুর বেঁধে দেওয়া, নিচে নেমে রক্ষণে সহায়তা করা; মাঠের কোথায় দেখা যায় না রদ্রিকে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে স্পেনের জন্য এ মিডফিল্ডারের পারফরম্যান্সকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওয়ালা।

এবারের বিশ্বকাপের দুর্দান্ত ছন্দে আছেন স্পেনের অধিনায়ক রদ্রি। এখন পর্যন্ত জালের দেখা পাননি তিনি। তবে স্প্যানিশদের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ব্যালন দ’র জয়ী এ ফুটবলার। গার্দিওয়ালার মতে, শিরোপা নির্ধারণী ম্যাচেও ব্যবধান গড়ে দিতে পারেন স্পেনের মাঝমাঠের ভরসা।

নিউ ইয়র্কে আগামী ২০ জুলাই ফাইনাল দিয়ে এবারের বিশ্বকাপের পর্দা নামবে। বাংলাদেশ সময় ১টায় শুরু মাঠের লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এ প্রথম ফাইনালে মুখোমুখি হবে ইউরো ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন।

সিটিতে দীর্ঘদিন ধরে খেলছেন রদ্রি। সাম্প্রতিক বছরগুলোতে ইংলিশ ক্লাবটির সাফল্যের কারিগরদের একজন তিনি। আর এতদিন এ ক্লাবেরই কোচ ছিলেন গার্দিওয়ালা। এক দশকের অধ্যায় শেষে গত মৌসুমের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি।

রদ্রির সময়ের সেরা মিডফিল্ডারদের একজন হয়ে ওঠার পেছনে বড় অবদান ছিল গার্দিওয়ালার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্প্যানিশ এ কোচ বলেছেন, পেদ্রি ও লামিন ইয়ামালের সঙ্গে যদি রসায়নটা জমে ওঠে রদ্রির, তাহলে এটাই ফাইনালে পার্থক্য গড়ে দেবে।

রদ্রি যদি মাঝমাঠে পেদ্রি ও লামিনের সঙ্গে নিজের প্রভাব প্রতিষ্ঠা করতে পারে এবং সুযোগগুলো কাজে লাগাতে যথেষ্ট কার্যকর হতে পারে, তাহলে স্পেনই পার্থক্য গড়ে দেবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়