ছবি সংগৃহীত
ঘরের মাঠে অনুষ্ঠানরত বিশ্বকাপে যেন উড়ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। আগেই নিশ্চিত হয়েছিল নকআউট পর্বের টিকিট। অপরদিকে টানা দুই হারে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে পড়েছিল তুরস্ক। ফলে শেষ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। গুরুত্বহীন সে ম্যাচেই বাজিমাত করলো তুর্কিরা।
বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) সকালে লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ গোলে হারিয়েছে তুরস্ক।
যদিও আগে গোলের দেখা পেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে জবাব দিতে সময় নেয়নি তুরস্ক। পরে দুই দলই পেল আরও একটি করে গোল। এক সময় মনে হচ্ছিল, ড্রতেই শেষ হবে খেলা। কিন্তু একদম শেষ মিনিটে গিয়ে জাল খুঁজে নিল তুরস্ক। একইসঙ্গে পেল নিজেদের প্রথম জয়।
এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম তিন মিনিটের মধ্যেই গোল করে স্বাগতিকরা। তবে ১০ মিনিটেই আবার সমতায় ফেরে তুরস্ক। এটি ছিল চলতি বিশ্বকাপে তুরস্কের প্রথম গোল। এরপর ৩১ মিনিটে বারিশ আলপার ইলমাজ গোল করলে তুরস্ক প্রথমার্ধ শেষ করে ২-১ ব্যবধানে এগিয়ে।
আরও পড়ুন<<>>তিউনিসিয়াকে গুঁড়িয়ে গ্রুপ সেরা নেদারল্যান্ডস
যদিও বিরতির পর ছেড়ে কথা বলেনি যুক্তরাষ্ট্র। জমে ওঠা ম্যাচে ৪৯ মিনিটে সেবাস্টিয়ান বারহাল্টার জোরালো শটে সমতাসূচক গোল করে দলকে ম্যাচে ফেরান।
ম্যাচটা যখন ড্রয়ের দিকেই এগুচ্ছিল তখনই শেষ আঘাত হানে তুরস্ক। অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে কান আইহান গোল করে দলের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
২০০২ সালের পর এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসে শুরুর দুই ম্যাচ হেরেছিল তুরস্ক। এমনকি কোনো গোলই করতে পারেনি তারা। বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর এবার ২৪ বছরের মধ্যে বিশ্বকাপে প্রথম গোল ও প্রথম জয় পেল তুরস্ক।
নিজেদের সবশেষ ম্যাচ হারলেও আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট খেলতে নামবে যুক্তরাষ্ট্র। যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ 'বি' গ্রুপের তৃতীয় দল বসনিয়া এন্ড হার্জেগোভিনা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































