ছবি সংগৃহীত
চলমান উত্তর আমেরিকা বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে নেদারল্যান্ডস। ‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পা রেখেছে অরেঞ্জ জার্সিধারীরা। বাংলাদেশ সময় শুক্রবার (২৬ জুন) ভোরে ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচচি ৩-১ গোলে জিতেছে রোনাল্ড কুমানের দল।
সোমবার (২৯ জুন) মন্টেরেইতে রাউন্ড অব ৩২-এ মরক্কোর মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
এদিন বৃষ্টিভেজা কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ শানায় নেদারল্যান্ডস। তৃতীয় মিনিটে ড্যানজেল ডামফ্রিসের ক্রস থেকে বল নিজের জালেই ঢেলে দেন তিউনিসিয়ার এলিস সখিরি। মাত্র চার মিনিট পরই ভার্জিল ফন ডাইক তিইয়ানি রেইনডার্সের ফ্রি-কিক থেকে হেড করলে বল পান সান্ডারল্যান্ডের ফরোয়ার্ড ব্রায়ান ব্রোবি। কাছ থেকে জোরালো শটে গোল করেন তিনি। এটা ছিল এই বিশ্বকাপে তার তৃতীয় গোল। দলের কমলা রঙের সমর্থকরা প্রথমার্ধেই মেক্সিকান ওয়েভে মেতে উঠেছিলেন।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে হানিবাল মেজব্রির কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান কমান হাজেম মাস্তুরি। তবে সে আশা বেশিক্ষণ টিকল না। মিনিট কয়েক পরই রেইনডার্সের কর্নার থেকে জান পল ভান হেকের হেড একটি ডিফ্লেকশনে জালে ঢোকে। ব্যবধান আবার দুই গোলে ফিরে যায়।
আরও পড়ুন<<>>সুইডেনের সঙ্গে ড্র করে নকআউটে জাপান, প্রতিপক্ষ ব্রাজিল
তিউনিসিয়ার জন্য এ বিশ্বকাপ ছিল সত্যিকারের দুঃস্বপ্ন। তিন ম্যাচে তারা মোট ১২টি গোল হজম করেছে এবং জিততে পারেনি একটি ম্যাচেও। মেক্সিকোতে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করা হয়। দায়িত্ব নেন অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ড, গত সপ্তাহে। কিন্তু তিনিও পতন ঠেকাতে পারেননি। জাপানের কাছে ৪-০ গোলে হারের পর এবার নেদারল্যান্ডসের কাছেও হার। অথচ বাছাইপর্বে একটি গোলও না খেয়ে এ দল বিশ্বকাপে এসেছিল।
সাত পয়েন্ট নিয়ে গ্রুপ এফ-এ শীর্ষে শেষ করেছে নেদারল্যান্ডস। পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় জাপান, চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানের সেরা দল হিসেবে টিকে গেছে সুইডেন। আর শূন্য পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে তিউনিসিয়া।
উল্লেখ্য, ম্যাচ শুরুর আগে বজ্রপাতের ঝড়ের কারণে স্টেডিয়ামে বড় ধরনের বিঘ্ন হওয়ার আশঙ্কা ছিল। তবে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































