Apan Desh | আপন দেশ

কী ঘটেছিল নাঈমের সঙ্গে

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ১৩ জুন ২০২৬

কী ঘটেছিল নাঈমের সঙ্গে

ছবি: আপন দেশ

চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান। খুলশী থানা পুলিশ সদস্যদের হাতে আটক হন। পরে তিনি মারধরের শিকার হন বলে জানান। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) সংবাদ সম্মেলনে এসে তিনি জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে নাঈম জানান, শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় টোল প্লাজা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

তিনি সহযোগিতা করলেও তারা কোনো কথা না শুনে তাকে ধাক্কা দেন এবং সিএনজি অটোরিকশা আটকে রাখেন। পাশে থাকা ব্যক্তিরা পরিচয় দিলেও পুলিশ সদস্যরা তা আমলে না নিয়ে তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাকে গাড়িতে তুলে খুলশী থানায় নেয়া হয়। সেখানে নেয়ার পরও তাকে হেনস্তা করা হয়।

তিনি বলেন, টোলের ওখানে একজন ট্রাফিক পুলিশ আমাদের থামায়। তারপর একজন আমাদের গাড়ি চেক করেছে। আমি ভেবেছিলাম ব্যাগ চেক করবে। তবে এরপর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। কোনো কারণ না জানিয়েই জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এসআই শফিক আমাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতর ঢুকিয়ে লক করে দেয়। আমি জিজ্ঞেস করছিলাম যে কী হয়েছে। আমি তখন ভয় পেয়ে যাই।

আরও পড়ুন <<>> ‘নাঈমের সঙ্গে যা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়’

তিনি আরও বলেন, এসআই শফিক আমাকে বলেন, তুই আসামি। তুই চুপ থাক, একটাও কথা বলবি না। তারপর আমার গলা চেপে ধরে। তখন আমি চিল্লাচিল্লি করেছি ও আব্বুকে কল দিয়েছি। আমার মোবাইলও নিয়ে নেয় তখন। ওখানে থাকা ভাইয়ারা সবাই আমার পরিচয় নিশ্চিত করেছে, তবুও তিনি আমার গলা চেপে ধরে রাখে। ওদের একজন পুলিশের ড্রেসে ছিল, আরেকজন পাঞ্জাবি পরা ছিল। তারা  থানায় নিয়ে আসে। আমি তখন ওসিকে আমার পরিচয় দেই।

নাঈম বলেন, থানায় ওসির সামনেও নাজেহাল করা হয়েছে। ওসি আমাকে বলে, চোখ নামিয়ে কথা বলো। আমি বলেছি যে- আমি জাতীয় দলের খেলোয়াড়। আমি টেস্ট খেলি। ওখানে প্রায় ১০০ জনের মতো মানুষ ছিলেন, সবাই আমার পরিচয় নিশ্চিত করেছেন। তবুও পুলিশ শোনেনি। তাও ওরা আমার গলা চেপে ধরে থানায় নিয়ে আসে। আমাকে লাঠি দিয়ে মেরেছে এসআই শফিক। আমি বলেছি, আমার গায়ে হাত দেয়ার অধিকার আপনার নেই, তবুও মেরেছে। পরে বিভিন্ন পরিচিতজন ও সংশ্লিষ্ট মহল থেকে ফোন আসতে শুরু করলে পুলিশ বিষয়টি বুঝতে পারে, এরপর ছেড়ে দেয়া হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়