ছবি : সংগৃহীত
ফ্রান্স জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দিদিয়ের দেশম। দীর্ঘ ১৪ বছর দায়িত্বে থাকাকালীন ২০১৮ সালে দেশকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি।
এবার জাতীয় দলের পরবর্তী কোচ হিসেবে ১৯৯৮ বিশ্বকাপে দেশমের সতীর্থ হিসেবে খেলা জিনেদিন জিদানকে নিয়োগ দিয়েছে ফ্রান্স।
৫৪ বছর বয়সী জিদান ফ্রান্সের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তার নৈপূন্যেই ১৯৯৮ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। কোচ হিসেবেও অসাধারণ সাফল্য অর্জন করেছেন জিদান, রিয়াল মাদ্রিদকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর কৃতিত্ব আছে তার।
মঙ্গলবার (২৮ জুলাই) প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সদর দফতরে সভাপতি ফিলিপে দিয়ালো আনুষ্ঠানিকভাবে জিদানের নিয়োগ ঘোষণা করেন। তিনি জানান, জিদানকে চার বছরের চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
দিয়ালো বলেন, এটি একটি অসাধারণ মুহূর্ত, কারণ আমার পাশে বসে আছেন একজন অসাধারণ মানুষ। জিনেদিন ফরাসি ফুটবলের অন্যতম কিংবদন্তি। বহু বছর ধরেই তিনি বলে আসছিলেন, ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়া তার অন্যতম স্বপ্ন।
২০২১ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে জিদান কোচিংয়ের বাইরে ছিলেন। তবে তাকেই দীর্ঘদিন ধরে দেশমের স্বাভাবিক উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।
নিয়োগের পর জিদান বলেন, এটি আমার জন্য ধারাবাহিকতার অংশ, একটি স্বপ্ন পূরণ। গত পাঁচ বছরে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি। কারণ আমি শুধু ফ্রান্স দলের দায়িত্বই নিতে চেয়েছিলাম।
তিনি বলেন, যে দলের হয়ে আমি খেলেছি, সে দলের কোচ হতে পারা আমার জন্য অপরিসীম আনন্দের। আমার মধ্যে অনেক আবেগ কাজ করছে এবং আমি এ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। এটাই আমাকে অনুপ্রাণিত করে।
তিনি আরও বলেন, আজ আমি এ দলের দায়িত্ব নেওয়ার সুযোগ পেয়েছি। দলকে জেতাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একই সঙ্গে দিদিয়ের দেশমকে তার অসাধারণ বছরগুলোর জন্য অভিনন্দন জানাই।
আরও পড়ুন : সাকিবকে হারিয়ে পরীমণির রেকর্ড
এফএফএফ সভাপতি জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই তিনি জিদানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক আলোচনা করেছিলেন, যখন দেশম জানিয়েছিলেন যে ২০২৬ বিশ্বকাপের পর তিনি সরে দাঁড়াবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































