ছবি : আপন দেশ
দেশের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’ গঠন করা হয়েছে।
এতে রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু এবং সদস্যসচিব হিসেবে ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ মনোনীত হয়েছেন।
সম্প্রতি এক বৈঠকে খবর সংযোগের সম্পাদক শেখ নজরুল ইসলামের প্রস্তাব এবং উপস্থিত সম্পাদক ও প্রকাশকদের সমর্থনে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে গত ৮ জুলাই দেশের শীর্ষস্থানীয় ১১টি অনলাইন নিউজপোর্টালের সম্পাদক ও প্রকাশকরা সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন না দেয়াসহ এ খাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি তুলে ধরেন।
এসময় তথ্যমন্ত্রী সম্পাদকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং ভবিষ্যতে সরকার ও নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোর মধ্যে সমন্বিত আলোচনা এগিয়ে নেয়ার আশ্বাস দেন।
একই দিন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত প্রকাশক ও সম্পাদকেরা সর্বসম্মতিক্রমে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে একটি সংগঠন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সম্পাদকরা পৃথক এক বৈঠকে আহ্বায়ক কমিটির নাম ঘোষণার সিদ্ধান্ত নেন।
বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনতন্ত্র প্রণয়ন করে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ নেবে, যা সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন : ‘গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশ সহযোগিতা করবে মালয়েশিয়া’
আহ্বায়ক কমিটির প্রধান দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে নিবন্ধিত অনলাইন নিউজপোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন প্রদানের কার্যক্রম চালুর লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা এগিয়ে নেয়া এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনে অংশীজন হিসেবে সরকারকে সহায়তা করা। একই সঙ্গে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোরামে নতুন সদস্য অন্তর্ভুক্তি, গঠনতন্ত্র প্রণয়ন এবং সেই গঠনতন্ত্রের ভিত্তিতে নিয়মিত কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করবে আহ্বায়ক কমিটি।
আহ্বায়ক কমিটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনুছ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































