ফাইল ছবি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর গ্রুপ পর্ব শেষ হয়েছে। এরপরই ২০২৮ আসরের প্রথম ১২টি দল নিশ্চিত হয়ে গেছে । পরবর্তী বিশ্বকাপে সুপার এইটে ওঠা দলগুলো স্বয়ংক্রিয়ভাবে জায়গা করে নিয়েছে। যা যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। একই দিনে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের জয়ের মধ্য দিয়ে সুপার এইটের লড়াই চূড়ান্ত রূপ পায়।
সুপার এইটে ওঠা দলগুলো হলো গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তান ও ভারত। গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এ আট দলই সরাসরি ২০২৮ বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।
আসরের সহ-আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আগেই নিশ্চিত ছিল। ফলে আয়োজক দুই দেশসহ সুপার এইটের আট দল মিলিয়ে মোট ১০টি দল চূড়ান্ত হয়েছে।
র্যাঙ্কিং থেকে আরও তিন দল বিশ্বকাপের টিকিট পেয়েছে। বাকি তিনটি স্বয়ংক্রিয় স্থান নির্ধারিত হবে আইসিসি মেনস টি-টোয়েন্টি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। ৯ মার্চ ফাইনালের পরদিন প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী এ দলগুলো নিশ্চিত হবে। বর্তমান অবস্থান বিবেচনায় বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এগিয়ে রয়েছে।
আরও পড়ুন <<>> ভারত থেকে সরে যেতে পারে বৈশ্বিক টুর্নামেন্ট
২০ দলীয় টুর্নামেন্টের অবশিষ্ট আটটি জায়গা নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতামূলক মান অনুযায়ী আসন বণ্টন করা হবে।
চলমান ২০২৬ বিশ্বকাপে অংশ না নিলেও র্যাঙ্কিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি ২০২৮ আসরে খেলার সুযোগ পাচ্ছে। অধিনায়ক লিটন কুমার দাস–এর নেতৃত্বাধীন দলটি এভাবেই বিশ্বমঞ্চে ফেরার আনুষ্ঠানিক নিশ্চয়তা পেল।
সব মিলিয়ে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দলগুলোর প্রাথমিক চিত্র স্পষ্ট হয়েছে। সুপার এইটের সাফল্যের পাশাপাশি র্যাঙ্কিংভিত্তিক যোগ্যতা অর্জন ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































