ছবি: সংগৃহীত
আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি অ্যাঞ্জেল ডি মারিয়া ২০২৪ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তবু তাকে ঘিরে আলোচনা থামেনি। ১৪৫ ম্যাচে ৩১ গোল করা ৩৮ বছর বয়সী এ উইঙ্গার এখনো দুর্দান্ত ছন্দে আছেন। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে নিয়মিত গোল করছেন, করাচ্ছেনও।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রাল–এর বিপক্ষে ২-০ গোলের জয়ে এক গোল করেন ডি মারিয়া। আগের দুই ম্যাচে সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। ‘এল ফিদিও’ নামেই পরিচিত এ তারকা। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন তিনি। এতে প্রমাণ হয়, তার ক্ষেত্রে বয়স কেবল সংখ্যা।
এদিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ–এ তাকে আবার আকাশী-সাদা জার্সিতে দেখা যেতে পারে—এমন বিশ্বাস ব্যক্ত করেছেন আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক উবালদো মাতিলদা ফিল্লোল। ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী এ তারকা সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জানান, কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় ডি মারিয়াকে জাতীয় দলে ফেরাতে উৎসাহ দিচ্ছেন।
ফিল্লোল বলেন, তিনি যা শুনেছেন তাতে ডি মারিয়াকে ফেরানোর চেষ্টা চলছে। বর্তমান পারফরম্যান্স দেখলে সন্দেহ নেই, তিনি এখনো প্রস্তুত। তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করানো সম্ভব বলেও মত দেন তিনি। বর্তমান কোচ লিওনেল স্কালোনির দলেও ডি মারিয়ার জায়গা হতে পারে বলে উল্লেখ করেন ফিল্লোল।
আরও পড়ুন <<>> ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ
তার এ মন্তব্যে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ মনে করেন, জাতীয় দলের সঙ্গে ডি মারিয়ার বিদায়টাই ছিল নিখুঁত সমাপ্তি। আবার অনেকে চান, বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তাকে আবার দলে দেখা যাক। এক সমর্থক লেখেন, আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাইলে তাকে দলে নিতে হবে। আরেকজনের মত, নিয়মিত একাদশে না খেললেও অন্তত দলকে সঙ্গ দেয়া উচিত তার।
ফিল্লোল আরও বলেন, লিওনেল মেসি বর্তমানে মেজর লিগ সকারে খেললেও আর্জেন্টিনার লিগ বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে লিগে নিয়মিত ভালো পারফরম্যান্স করাই ডি মারিয়ার সামর্থ্যের প্রমাণ। তার গতিশীলতা আছে, ক্ষুধা আছে, এবং তিনি গোল করছেন—যোগ করেন সাবেক এ বিশ্বজয়ী গোলরক্ষক।
অবসর ভেঙে বিশ্বকাপে ফেরার কোনো সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। তবে পারফরম্যান্স, সতীর্থ ও সাবেক তারকাদের সমর্থন—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে আবারও অ্যাঞ্জেল ডি মারিয়া। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তাকে দেখা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































