ছবি: সংগৃহীত
পবিত্র রমজান উপলক্ষে বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ধর্মীয় স্বাধীনতাকে যুক্তরাষ্ট্রের শক্তির মৌলিক ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসলামের পবিত্রতম মাসের সূচনা উপলক্ষে হোয়াইট হাউস এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হয়েছে। বার্তায় ট্রাম্প বলেন, রমজান পালনকারীদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছেন। এ মাসকে তিনি আধ্যাত্মিক নবায়ন, গভীর আত্মমনন এবং সৃষ্টিকর্তার অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পবিত্র সময় হিসেবে বর্ণনা করেন।
তিনি উল্লেখ করেন, লাখ লাখ মার্কিন মুসলিম নামাজ ও রোজার মাধ্যমে এ মাস পালন করেন। রমজান পারিবারিক ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সহমর্মিতা, দানশীলতা, দয়া ও বিনয়ের মতো অভিন্ন মূল্যবোধকে পুনরুজ্জীবিত করে এ মাস—এ কথাও তুলে ধরেন ট্রাম্প।
আরও পড়ুন <<>> চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ১২
নিজ প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, স্বাধীনভাবে ধর্ম পালন করার সৃষ্টিকর্তাপ্রদত্ত অধিকার আমেরিকার বৈশিষ্ট্য। এটি দেশের সমৃদ্ধি ও শক্তির অন্যতম স্তম্ভ। সব আমেরিকান যেন ভয়ভীতি ছাড়াই নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি।
ট্রাম্প জোর দিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতা মানে হলো গর্বের সঙ্গে এবং নিপীড়নের আশঙ্কা ছাড়াই নিজের ধর্ম পালন করার সুযোগ।
বার্তার শেষে তিনি শান্তি ও ঐক্যের জন্য প্রার্থনা করেন। ঘরে সুখ ও পরিতৃপ্তি, বিশ্বজুড়ে ঐক্য ও শান্তি এবং আগামীর বছরের জন্য আশীর্বাদ কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































