হরমুজ প্রণালীতে ইরানের মহড়া
পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র সমুদ্রপথ হরমুজ প্রণালী। প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ (প্রায় ২ কোটি ব্যারেল) এ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।
স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। মহড়া শেষ হলে ফের এটি খুলে দেয়া হবে। তবে কবে মহড়া শেষ হবে— সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত আইআরজিসির বিবৃতিতে দেয়া হয়নি।
অবশ্য হরমুজ প্রণালী যে বন্ধ করা হতে পারে— এমন ইঙ্গিত গত মঙ্গলবার দিয়েছিল রেভোল্যুশনারি গার্ড। আইআরজিসি’র কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে লাইভ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। যতদিন এই মহড়া চলবে— ততদিন এ প্রনালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে।
বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ কবে খুলে দেয়া হবে— তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, বিবৃতিতে বলেছেন আলীরেজা তাঙ্গসিরি।
আরও পড়ুন<<>>বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তা
উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার ২০ শতাংশই যাতায়াত করে এ প্রণালী দিয়ে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরু হয়েছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ওমানের রাজধানী মাস্কাটে আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে, মঙ্গলবার থেকে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হয়েছে সংলাপের দ্বিতীয় পর্ব।
চলমান এ সংলাপের মধ্যেই সামরিক মহড়ার জন্য হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। অবশ্য আলোচনার প্রথম পর্ব শুরুর দু’সপ্তাহ আগে জানুয়ারির মাঝামাঝি মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের বিশাল নৌবহর পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। সে বহরের যুদ্ধজাহাজ ও রণতরীগুলো বর্তমানে আরব সাগর, লোহিত সাগর ও পারস্য উপসাগরে টহল দিয়ে বেড়াচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































