Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকলে যা যা থাকছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২১:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রটোকলে যা যা থাকছে

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে দায়িত্ব নেয়ার পর এখনই তিনি সরকারি বাসভবন যমুনায় উঠছেন না। সংস্কার কাজ চলায় আপাতত তিনি গুলশানের নিজ বাসভবনেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে গুলশানের ১৯৬ নম্বর রোডের নিজ বাসভবনে থাকছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার কাজ শেষ হতে প্রায় এক মাস সময় লাগতে পারে। গণপূর্ত অধিদফতর (পিডব্লিউডি) এ সংস্কার কাজ তদারকি করছে। সংস্কার শেষ হলে তিনি আনুষ্ঠানিকভাবে যমুনায় উঠবেন।

ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর জন্য একটি স্থায়ী ও আধুনিক বাসভবন নির্মাণের পরিকল্পনা করছে সরকার। গণপূর্ত অধিদফতরের এক কর্মকর্তা জানান, শেরেবাংলা নগর এলাকায় এ নতুন বাসভবন নির্মাণের প্রাথমিক চিন্তা করা হচ্ছে। তবে এ প্রকল্পটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

এদিকে প্রধানমন্ত্রীর প্রটোকলে স্পেশাল সিকিউরিটি ফোর্সে (এসএসএফ) থাকছে ১২০-১৮০ সদস্য। এ ছাড়া প্রধানমন্ত্রীর ক্লোজ প্রটেকশন, বুলেটপ্রুফ রিং, গাড়ি কনভয়ে সুরক্ষা, বাসভবন ও সফরের নিরাপত্তায় থাকবে বাংলাদেশ পুলিশের (এসপিবিএন/ডিএমপি) ৩০০ থেকে ৬০০ সদস্য। এর বাইরে প্রটোকল ডিউটি, অনুষ্ঠানস্থল ও যাত্রাপথের নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২০০ থেকে ৪০০ সদস্যকে নিয়োজিত রাখা হতে পারে।

এছাড়া স্থির নিরাপত্তা, পেরিমিটার গার্ড, চেকপোস্টে দায়িত্ব পালন বাংলাদেশ সেনাবাহিনীর (পিজিআর/সহায়ক) ৫০ থেকে ১০০ জন সদস্য এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান, সামরিক সম্মান প্রদর্শন, উচ্চ ঝুঁকিতে ব্যাক-আপ নিরাপত্তায় স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফের (পূর্বনাম র‌্যাব) ৩০ থেকে ৬০ জন সদস্য নিয়োজিত থাকছেন। আর গোয়েন্দা সহায়তা, হুমকি প্রতিরোধ ও জরুরি ব্যবস্থা গ্রহণ গোপন গোয়েন্দা কার্যক্রমে সবচেয়ে কাছাকাছি অবস্থানে সাদা পোশাকে থাকছে এসবি, এনএসআই ও এসএসএফ।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরের একান্ত সচিব (পিএস), সহকারী একান্ত সচিব (এপিএস) এবং প্রোটোকল অফিসার পদে তিনজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। 

ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস-১) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন এ পদে অধিষ্ঠিত থাকবেন অথবা তাকে পিএস হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়