প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সচিবালয়ে নিজ দফতরে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দাফতরিক কাজের প্রথম দিনেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন।
সচিবালয়ের ১ নম্বর ভবনে (মন্ত্রিপরিষদ ভবন) প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত দফতরে দুপুর সাড়ে ১২টা থেকে তিনি তার দাফতরিক কার্যক্রম শুরু করবেন।
আরও পড়ুন<<>>প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আব্দুস সাত্তার
প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যসূচি নিম্নরূপ-
দুপুর ১২:৩০ মিনিট: মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ।
বিকেল ৩:০০ মিনিট: নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। এটিই হবে এই সরকারের প্রথম নীতিনির্ধারণী বৈঠক।
বিকেল ৪:০০ মিনিট: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় করবেন তিনি।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।
সচিবালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































