ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসরগুলোতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট অচলাবস্থা এবং উপমহাদেশের দেশগুলোর পারস্পরিক অনীহা তৈরি হয়েছে। ফলে ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্ট ভারত থেকে সরানোর বিষয়ে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। যেখানে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য সিডনি হেরাল্ড–এর প্রতিবেদন।
প্রতিবেদনে বলা হয়, চলমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৯ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে। ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে লজিস্টিক জটিলতা সৃষ্টি হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা থাকায় দেশটিকে নির্ভরযোগ্য আয়োজক হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট সরানোর সিদ্ধান্ত নেয়া হয়, তবে অস্ট্রেলিয়া প্রধান বিকল্প হিসেবে থাকতে পারে।
এর আগে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানায়। দুই দেশের মধ্যে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয়, তারা একে অপরের দেশে খেলবে না। প্রাথমিকভাবে ২০২৭ সাল পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর রাখার কথা থাকলেও সাম্প্রতিক পরিস্থিতিতে তা ভবিষ্যৎ আসরগুলোতেও বাড়ানো হতে পারে।
পরিস্থিতি আরও জটিল হয় যখন বাংলাদেশ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে যেতে অনীহা প্রকাশ করে। বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে আইসিসি রাজি না হওয়ায় দলটি শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়।
আরও পড়ুন <<>> বড় ধাক্কার মুখে শ্রীলঙ্কা
বর্তমানে অবস্থাটা এমন যে, ভারত পাকিস্তানে খেলবে না। পাকিস্তানও ভারতে খেলবে না। একই সঙ্গে বাংলাদেশও ভারতে সফরে অনীহা জানিয়েছে। ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজে ভারত বাংলাদেশ সফর করবে কি না, সেটিও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
পাহালগাম সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও স্পর্শকাতর হয়ে ওঠে। ২০২৫ এশিয়া কাপ ও সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের খেলোয়াড়দের করমর্দন না করার ঘটনাও বিতর্ক উসকে দেয়। আন্তর্জাতিক ক্রিকেট মহলে সমালোচনা তৈরি হয় এবং কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব মাঠের খেলায় পড়তে শুরু করে।
ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে ঘিরে চলমান অচলাবস্থা আইসিসির মধ্যে বিকল্প পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনার জন্ম দিয়েছে। বড় বৈশ্বিক আসরগুলো নির্বিঘ্নে আয়োজন নিশ্চিত করতে আইসিসি ‘ব্যাকআপ প্ল্যান’ প্রস্তুত রাখার কৌশল অবলম্বন করছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। আয়োজক পরিবর্তনের মতো বড় সিদ্ধান্তের আগে সদস্য দেশগুলোর সঙ্গে বিস্তৃত আলোচনা ও আর্থিক-প্রশাসনিক বিশ্লেষণ প্রয়োজন হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































