Apan Desh | আপন দেশ

কানাডায় তোপের মুখে সাকিব

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১২, ৩১ জুলাই ২০২৪

কানাডায় তোপের মুখে সাকিব

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা চলছে। খেলা শেষে গ্যালারি থেকে এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে জানতে চাইলেন, দেশের চলমান এ অস্থিরতায় তিনি কেন নীরব। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, দেশের জন্য আপনি কী করেছেন? 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক’দিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। এরপর আবারও শুরু হয়েছে টাইগার অলরাউন্ডারের ম্যারাথন দৌড়। খেলেছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে। বর্তমানে ব্যস্ত আছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে নিয়মিতই মাঠে দেখা যাচ্ছে তাকে। 
 
মাঠের বাইরেও বিভিন্ন সময়ে একের পর এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে সাকিব। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। 

তবে ব্যতিক্রম কেবল সাকিব। এখন পর্যন্ত তিনি নীরবই আছেন। যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত-সমর্থকরা। দেশের চলমান আন্দোলনের ঢেউ অবশ্য তাকে শেষ পর্যন্ত নীরব রাখতে পারল না। সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়লেন সাকিব। 

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এ প্রসঙ্গে। কিছুটা ক্ষোভের সুরেই জানতে চাইলেন, চলমান এ অস্থিরতায় তিনি কেন নীরব। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা গেল, দেশের জন্য আপনি কী করেছেন?

এসময় সে দর্শক উত্তর দেন, আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি। এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, দেশের জন্য আপনি কী করেছেন? একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে সরিয়ে নেন। অবশ্য এসময় ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিপক্ষে ব্যবস্থা নেয়া সম্ভব কি না সে কথাও জানতে চান।

দর্শক ও সাকিবের এমন উত্তপ্ত কথোপকথনের ভিডিও মুহূর্তেই সোশ্যাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়