Apan Desh | আপন দেশ

আগস্টে অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৩, ৩০ এপ্রিল ২০২৬

আগস্টে অভিভাবকের ভূমিকা পালন করেছেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

চব্বিশের ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত সরকারবিহীন একটা রাষ্ট্রে রাষ্ট্রপতি মোহা. সাহাবুদ্দিন অভিভাবকের ভূমিকা পালন করেছেন। সে জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে দেয়া এক বক্তব্যে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদীর রাজনৈতিক অবস্থান ও মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইতিহাসের নতুন অনেক তথ্য আমাদের সামনে আসছে। আবু আলা মওদুদী যে ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তা প্রায় ৭৫ বছর পর জানা গেল! এ নতুন ইতিহাস জানানোর জন্য আপনাদের (জামায়াতকে) ধন্যবাদ। আবার ইতিহাসের একটা নতুন জিনিস জানলাম যে জামায়াতের আবু তাহের সাহেব শিশু মুক্তিযোদ্ধা, তাকে অভিনন্দন।

বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, তা এখন স্পষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সংবিধান সংশোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরইমধ্যে বিশেষ কমিটির প্রস্তাব করা হয়েছে। 

আরও পড়ুন<<>>পেট্রলের লাইন নেই, কমেছে লোডশেডিংও: জ্বালানিমন্ত্রী

বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা সংস্কার পরিষদ করতে চায়। সংশোধনীকে সংস্কার মনে করে তারা যদি মনে মনে খুশি হয়, তবে তাতে আমাদের আপত্তি নেই। তাদের কাছে কমিটির জন্য সদস্য চাওয়া হয়েছে, তারা দেননি। আশা করি দেবেন, সময় আছে।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী সালাহউদ্দিন বলেন, কেউ কেউ নির্বাচন চায়নি, লড়াই করে নির্বাচন আদায় করে নিতে হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের (ইসি) ফল্ট। তারা (জামায়াত ও এনসিপি) কীভাবে চিঠি পেয়ে দুটি শপথ নিয়েছে।

গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচারের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। মুক্তিযোদ্ধা নিয়ে অহেতুক বাহাস না করে আসুন আমরা সবাই মিলে এ টাকা ফেরাতে কাজ করি।

আওয়ামী লীগ ও তাদের সঙ্গে নির্বাচনে অংশ নেয়া দলগুলোকে জাতীয় বেইমান বলা থেকে বিরত থেকে তাদের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করেন তিনি।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়