Apan Desh | আপন দেশ

সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই কোটিপতি: টিআইবি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৫, ৩০ এপ্রিল ২০২৬

সংরক্ষিত নারী আসনে দুই-তৃতীয়াংশই কোটিপতি: টিআইবি

ছবি : সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, মনোনীতদের প্রায় দুই-তৃতীয়াংশই কোটিপতি ও উচ্চশিক্ষিত। মনোনীতদের মধ্যে প্রায় ৬৫ শতাংশ কোটিপতি এবং ৬৩ শতাংশের বেশি প্রার্থী স্নাতকোত্তর বা তার বেশি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন। এমন তথ্যই জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। নির্বাচন কমিশনে জমা দেয়া ৪৯ জন মনোনীত প্রার্থীর হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরা হয়।

টিআইবি বলেছে, সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতায় সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। এ আসনে স্নাতকোত্তর ও তার বেশি ডিগ্রিধারী প্রার্থীর হার ৬৩ দশমিক ৩ শতাংশ, যেখানে নির্বাচিত সংসদ সদস্যদের ক্ষেত্রে এ হার ৫০ দশমিক ৭ শতাংশ। 

আরও পড়ুন<<>>সারাদেশে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

সংরক্ষিত আসনের প্রার্থীদের মধ্যে বাকি ২৭ শতাংশ স্নাতক, ৪ দশমিক ১ শতাংশ উচ্চ মাধ্যমিক পাস, স্বশিক্ষিত ৪ দশমিক ১ শতাংশ এবং মাধ্যমিক পাস প্রার্থীর হার ২ দশমিক ১ শতাংশ।

টিআইবির বিশ্লেষণ অনুযায়ী, সংরক্ষিত আসনের প্রার্থীদের বড় অংশই সম্পদশালী।

৪৯ জন প্রার্থীর মধ্যে ৩২ জনই স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্যমান অনুযায়ী কোটিপতি। তাদের মধ্যে আবার আলাদাভাবে অস্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ২৫ জন এবং স্থাবর সম্পত্তির ভিত্তিতে কোটিপতি ১৪ জন।

দলীয় ভিত্তিতে কোটিপতি প্রার্থীর সংখ্যা বিশ্লেষণ করে সংস্থাটি দেখেছে, বিএনপির ৩৬ জন প্রার্থীর মধ্যে ২৬ জন (৭২ দশমিক ২২ শতাংশ) এবং জামায়াতে ইসলামীর ৯ জন প্রার্থীর মধ্যে ৫ জন (৫৬ শতাংশ) কোটিপতি। এ ছাড়া জাগপার একমাত্র প্রার্থীও কোটিপতি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়