Apan Desh | আপন দেশ

কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:২৯, ৩০ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৪২, ৩০ এপ্রিল ২০২৬

কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

সাকিব আল হাসান

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। নিউইয়র্ক তার আবাস স্থল। সেখান থেকে দেশে ফিরে অবসর নেয়ার ইচ্ছে প্রকাশ করলেও পরিস্থিতি এখনও তার আয়ত্তে নেই। এ নিয়ে ভারতের গণমাধ্যম স্পোর্টস্টাসের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে দেশে ফেরার সময়ক্ষণ নিয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশের পরিস্থিতি ও দলে ফেরা নিয়ে সাকিব বলেন, বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। কাল কী হবে তা আপনি কখনোই বলতে পারবেন না, আর সে কারণেই আমি এখনও আশাবাদী। কী হবে তা নিয়ে আমি খুব বেশি ভাবি না। প্রতিদিন আমি আমার পরিবারকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি, সে সুযোগ কাজে লাগাচ্ছি। তবে বাংলাদেশ দলে ফেরার বিষয়টি আমার নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি একটি সমাধান খোঁজার চেষ্টা করছি।

সে সমাধান জানিয়ে সাকিবের কথা, আমি এখনও এ নিয়ে পুরোপুরি ভাবিনি। তবে আমি আশাবাদী যে, বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত, আমি শুধু ভালো কিছুর অপেক্ষায় আছি। একটি বিষয় নিশ্চিত— আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি ইতিবাচক যে, বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কীভাবে হবে তা আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী। 

আরও পড়ুন<<>>যে কারণে পাকিস্তানে গেলেন নাহিদ রানা

খেলা থেকে বিদায় প্রসঙ্গে সাকিব বলেন, এমন নয় যে আমি শুধু আর একটি ম্যাচ খেলে বিদায় নিতে চাই। আমি এখনও শারীরিকভাবে ফিট এবং বিশ্বাস করি, আমার এখনও দেয়ার মতো অনেক কিছু আছে। উপরওয়ালার অশেষ কৃপায় সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি ভালো পারফর্ম করেছি, তাই সে আত্মবিশ্বাসটা এখনও আছে।

তিনি বলেন, আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু একটি বিদায়ী ম্যাচের সৌজন্যে দলের ওপর বোঝা হয়ে দাঁড়াবো। যতক্ষণ আমি অনুভব করবো যে, আমি অবদান রাখছি, ততক্ষণ খেলা চালিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভেতরে এখনও সেই সামর্থ্য আছে। পুরো ফিটনেস ফিরে পেতে আমার হয়তো এক মাসের মতো সময় লাগবে, তবে হ্যাঁ, ঘরের মাঠে আবারও খেলার সে ইচ্ছে সবসময়ই থাকবে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়