Apan Desh | আপন দেশ

সারাক্ষণ ওয়াইফাই চালু রাখলে বিদ্যুৎ খরচ কত

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ২০:০৪, ৫ আগস্ট ২০২৬

সারাক্ষণ ওয়াইফাই চালু রাখলে বিদ্যুৎ খরচ কত

ছবি: সংগৃহীত

বর্তমানে জনপ্রিয় হয়ে ওঠেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ। আর সে ইন্টারনেট ব্যবহারের জন্য দিনরাত চালু থাকে ওয়াই-ফাই রাউটার।

অনেকেই মনে করেন, রাউটার খুব কম বিদ্যুৎ খরচ করে, তাই এটি নিয়ে ভাবার কিছু নেই। তবে বিদ্যুতের দাম বাড়ার পর স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে—সারাক্ষণ রাউটার চালিয়ে রাখলে মাস শেষে বিদ্যুৎ বিলে কত টাকা যোগ হয়?

আবার রাতে রাউটার বন্ধ রাখলে আদৌ কোনো উল্লেখযোগ্য সাশ্রয় হয় কি না, সেটিও জানতে চান অনেকে।

বাজারে প্রচলিত বেশিরভাগ হোম ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ ৫ থেকে ১৫ ওয়াটের মধ্যে। সাধারণত টিপি-লিঙ্ক, টেন্ডা, ডি-লিঙ্ক বা শাওমির ডুয়াল-ব্যান্ড রাউটারগুলো গড়ে ৮ থেকে ১২ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে।

অন্যদিকে, উন্নতমানের ওয়াই-ফাই ৬ বা মেশ রাউটারের বিদ্যুৎ খরচ ১৫ থেকে ২০ ওয়াট পর্যন্ত হতে পারে।

ধরা যাক, আপনার রাউটারটি গড়ে ১০ ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। সে ক্ষেত্রে—

প্রতি ঘণ্টায় বিদ্যুৎ খরচ : ০.০১ কিলোওয়াট-ঘণ্টা (ইউনিট)
২৪ ঘণ্টায় : ০.২৪ ইউনিট
৩০ দিনে : ৭.২ ইউনিট
অর্থাৎ, একটি ১০ ওয়াটের রাউটার মাসে প্রায় ৭.২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২০২৬ সালের জুন মাস থেকে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম প্রতি ইউনিট ৯.১১ টাকা থেকে বাড়িয়ে ১০.৬৩ টাকা নির্ধারণ করেছে। সে হিসাবে—

মাসিক ব্যবহার : ৭.২ ইউনিট
প্রতি ইউনিট মূল্য : ১০.৬৩ টাকা
মাসিক খরচ : ৭.২ × ১০.৬৩ = প্রায় ৭৬.৫ টাকা

অর্থাৎ, একটি সাধারণ ১০ ওয়াটের রাউটার ২৪ ঘণ্টা চালিয়ে রাখলে মাসে আনুমানিক ৭৫ থেকে ৮০ টাকার মতো বিদ্যুৎ খরচ হতে পারে।

ওয়াই-ফাই ৬ বা মেশ রাউটারের মতো বেশি ক্ষমতার ডিভাইসের বিদ্যুৎ খরচও তুলনামূলক বেশি।

১৫ ওয়াটের রাউটার

মাসিক বিদ্যুৎ ব্যবহার : প্রায় ১০.৮ ইউনিট
সম্ভাব্য মাসিক খরচ : ১০.৮ × ১০.৬৩ = প্রায় ১১৫ টাকা

২০ ওয়াটের রাউটার

মাসিক বিদ্যুৎ ব্যবহার : প্রায় ১৪.৪ ইউনিট
সম্ভাব্য মাসিক খরচ : ১৪.৪ × ১০.৬৩ = প্রায় ১৫৩ টাকা

অর্থাৎ, উন্নত রাউটারের ক্ষেত্রে মাসে প্রায় ১১০ থেকে ১৫৫ টাকার মতো বিদ্যুৎ খরচ হতে পারে।

যদি প্রতিদিন গড়ে ৮ ঘণ্টা রাউটার বন্ধ রাখা যায়, তাহলে বিদ্যুৎ খরচ প্রায় এক-তৃতীয়াংশ কমে যেতে পারে। একটি ১০ ওয়াটের রাউটারের ক্ষেত্রে বছরে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।

আবার কেউ যদি প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা রাউটার বন্ধ রাখেন, তাহলে বিদ্যুৎ খরচ প্রায় অর্ধেক কমে যেতে পারে। তবে মাসিক সাশ্রয়ের পরিমাণ খুব বেশি নয়। তাই রাতে রাউটার বন্ধ করুন বা চালু রাখুন, মাস শেষে বিদ্যুৎ বিলে বড় কোনো পার্থক্য সাধারণত চোখে পড়ে না।

তবে যারা স্মার্ট হোম ডিভাইস, আইপি ক্যামেরা, অনলাইন সার্ভার বা রিমোট অ্যাক্সেস ব্যবহার করেন, তাদের জন্য রাউটার সারাক্ষণ চালু রাখা প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন <<>> হোয়াটসঅ্যাপে ‘কল রেকর্ড’ করার নিয়ম

রাউটারের সঙ্গে থাকা পাওয়ার অ্যাডাপ্টারও কিছু পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে। পুরোনো বা নিম্নমানের অ্যাডাপ্টারে এ অপচয় তুলনামূলক বেশি হতে পারে। তাই ভালো মানের এনার্জি-এফিশিয়েন্ট অ্যাডাপ্টার ব্যবহার করলে সামান্য হলেও বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।

রেডিটের একটি প্রযুক্তি ভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া ঘন ঘন রাউটার বন্ধ ও চালু করা ভালো নয়। এতে ডিভাইসের ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে এবং দীর্ঘমেয়াদে কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তবে দীর্ঘ সময় ব্যবহার না হলে রাউটার বন্ধ রাখলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ডিভাইসের অপ্রয়োজনীয় ব্যবহারও কমে।

সব মিলিয়ে, এসি, ফ্রিজ, গিজার বা অন্যান্য উচ্চক্ষমতার বৈদ্যুতিক যন্ত্রের তুলনায় ওয়াই-ফাই রাউটারের বিদ্যুৎ খরচ খুবই কম। একটি সাধারণ রাউটার চালাতে মাসে গড়ে ৭৫ থেকে ৮০ টাকা এবং উন্নত রাউটারের ক্ষেত্রে প্রায় ১১০ থেকে ১৫৫ টাকা পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে।

তাই শুধু বিদ্যুৎ বিল কমানোর জন্য রাউটার বন্ধ করার প্রয়োজন না থাকলেও, দীর্ঘ সময় ব্যবহার না হলে বন্ধ রাখলে সামান্য সাশ্রয় করা সম্ভব।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়