Apan Desh | আপন দেশ

চ্যাটজিপিটির পরামর্শে মৃত্যুশয্যায় মার্কিন নাগরিক

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ২৬ জুলাই ২০২৬

চ্যাটজিপিটির পরামর্শে মৃত্যুশয্যায় মার্কিন নাগরিক

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটির পরামর্শ নিয়ে মৃত্যুশয্যায় যাওয়ার অভিযোগ তুলেছেন এক মার্কিন নাগরিক। এ কারণে তিনি ওপেন এআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন।

তবে ডাক্তারের চিকিৎসায় শেষ পর্যন্ত তিনি প্রাণে বেঁচেছেন। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অভিযোগকারী ব্যক্তি ফ্লোরিডার ৫৫ বছর বয়সী যাজক (পাস্টর) স্কট উইন্টার্স। তার দাবি, শরীরে মারাত্মক লক্ষণ দেখা সত্ত্বেও চ্যাটজিপিটি তাকে বারবার হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেয়, যার ফলে তিনি প্রাণঘাতী ‘পালমোনারি এমবোলিজমে’ (ফুসফুসে রক্ত জমাট বাঁধা) আক্রান্ত হন।

সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় উইন্টার্সের আইনজীবীরা অভিযোগ করেন, চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে উইন্টার্সকে বারবার ভুল চিকিৎসা পরামর্শ দিয়েছে। শুধু তাই নয়, উইন্টার্সের ধার্মিক মনোভাবকে কাজে লাগিয়ে সে আশ্বাস দেয়, চিকিৎসা ছাড়াই তিনি সুস্থ হয়ে উঠবেন।

মামলার নথিসূত্রে জানা যায়, স্কট উইন্টার্স নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করতেন। ক্রমশ স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে পরিবার ও বন্ধুদের কথা উপেক্ষা করেই তিনি হাসপাতালে যাওয়া থেকে বিরত থাকেন।

আরও পড়ুন <<>>ফ্রিতে ‘ফেসবুক ভেরিফায়েড’ করবেন যেভাবে

গুরুতর অসুস্থ হয়ে পড়ার কয়েক সপ্তাহ আগে মাথা ঘোরা ও রক্তচাপের ওঠানামার মতো উপসর্গ নিয়ে চ্যাটজিপিটির শরণাপন্ন হন তিনি।

উইন্টার্সের দাবি, অসুস্থতার কারণে যখন তিনি মূলত রিকলাইনার চেয়ারে বন্দি ছিলেন, চ্যাটজিপিটি তাকে হাঁটাচলা না করে ওই চেয়ারেই বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়।

পরবর্তীতে উইন্টার্সের দুই ফুসফুসে রক্ত জমাট বেঁধে মারাত্মক ‘পালমোনারি এমবোলিজম’ দেখা দেয়, যা তাকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়।

চিকিৎসকদের মতে, একটানা নড়াচড়াহীন অবস্থায় বসে থাকার কারণেই এ শারীরিক জটিলতার সৃষ্টি হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়