Apan Desh | আপন দেশ

কেশবপুরে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

কেশবপুর (যশোর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২১, ২৬ জুলাই ২০২৬

কেশবপুরে বাসের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ফাইল ছবি, আপন দেশ

যশোর জেলার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কেশবপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে কেশবপুর শহরের মাইকেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর শহরের দিকে আসছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে  দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিবলী খাতুন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন<<>>মহানগরের নিরাপত্তায় সিসি ক্যামেরা দিল রাসিক

খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করে। তবে দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়। 
কেশবপুর থানার এসআই সঞ্জয় কুমার দাস বলেন, সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। 

একজন বীর মুক্তিযোদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহযোদ্ধা ও কেশবপুরবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়