Apan Desh | আপন দেশ

ঢাকায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, উৎকণ্ঠায় সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০০, ১২ জুলাই ২০২৩

আপডেট: ১৪:২১, ১২ জুলাই ২০২৩

ঢাকায় আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ, উৎকণ্ঠায় সতর্ক পুলিশ

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস বাকি থাকতেই রাজপথে মুখোমুখি অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। পুলিশের ২৩ শর্ত মেনে আজ বুধবার (১২ জুলাই) রাজধানীতে সমাবেশ করবে দল দুটি।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফর করছে। এর মাঝেই একই দিনে বৃহৎ দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাদা পোশাকধারী পুলিশও দায়িত্ব পালন করবে বলে জানা গেছে। সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। 

এদিন বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। 

এদিকে সরকার পতনের এক দফার আন্দোলন ঘিরে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। 

রাজধানীর ১২টি জায়গা থেকে যুগপৎভাবে এক দফার ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট।

বিএনপির আজকের সমাবেশ ঘিরে রাজধানীর পাড়া-মহল্লায় চলছে মাইকিংসহ নানামুখী প্রচার। নগরবাসীকে সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছে দলটি। জানা গেছে, এ সমাবেশ থেকে এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সবশেষ গত বছরের ৯ ডিসেম্বর ২৬ শর্তে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে গোলাপবাগ মাঠে গণসমাবেশ করেছিল বিএনপি।

আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ হলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন। কারণ, বিএনপি সরকার পতনের এক দফার আন্দোলন ঘোষণা দিতে যাচ্ছে। এর অর্থ হচ্ছে দলটি নির্বাচন ঠেকানোর পথে হাঁটছে। এ ছাড়া দলটি বিদেশিদের কাছে এবং বিভিন্ন সভা-সমাবেশে বলছে আওয়ামী লীগের জনসমর্থন নেই। যে কারণে রাজপথে ধারাবাহিকভাবে বড় জমায়েত করে আওয়ামী লীগ দেখাতে চায় তাদের সঙ্গে জনগণ আছে।

সরকার ও আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, আজকের দুই সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার বা তাদের ওপর চড়াও না হওয়ার বিষয়ে নির্দেশনা আছে। আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা যাতে নিজেরাও সংঘাতে না জড়ান, সেই বার্তাও দেয়া হয়েছে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনের ‘যৌথ ঘোষণা’ ও ‘এক দফার’ যাত্রার দিনটিকে তাৎপর্যপূর্ণ করতে সমাবেশে লক্ষণীয় উপস্থিতি নিশ্চিত করতে চান দলের শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগরের বাইরে এই সমাবেশে সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদীসহ ঢাকার আশপাশের জেলা থেকেও নেতা–কর্মীরা সমাবেশে অংশ নেবেন। 

আরও পড়ুন <> আ. লীগ-বিএনপি মুখোমুখি, দর্শক বিদেশিরা!

এদিকে সমাবেশ ঘিরে বিএনপি অরাজকতা করতে পারে- এমন গোয়েন্দা তথ্য পুলিশের কাছে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, গোয়েন্দা তথ্য আছে, তারা অরাজকতা করতে পারে। ফলে পুলিশ সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থায় থাকবে। যে কোনো অরাজকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ অলরাউন্ডার দল। ক্ষমতায়, বিরোধী দলে এবং যেকোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ রাজপথ দখলে রাখতে পারে। বিএনপিকে মাঠে একা খেলতে দেয়া হবে না।’

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ‘আমরা আশা করছি, স্মরণকালের বৃহত্তর সমাবেশ হবে নয়াপল্টনে।’

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশিদের দেখাতে চায়। বিদেশিরা তাদের শক্তি-সামর্থ্য নিয়ে সন্দিহান, তাই তাদের একটু শক্তি দেখানোর চেষ্টা করছে। যা একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্বকে প্রকাশ করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১২ জুলাইয়ে পর চলমান আন্দোলন আরও উচ্চতর গতিতে, বেশি তীব্রতরভাবে এগিয়ে যাবে। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব। সে লক্ষ্যে আমরা এটি যৌথ ঘোষণা দেব। যুগপৎ আন্দোলনের সঙ্গীরা একই সময়ে একই ঘোষণা দেবে যার-যার অবস্থান থেকে।

ঢাকায় মঙ্গলবার এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। এখানে নির্বাচন হয়নি, এখানে নির্বাচন হয় না। তাই বিদেশিরা এখানে আসেন।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়