ছবি : সংগৃহীত
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ই-টায়ারের ফাইনালে ওঠেছিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। তবে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কাছে ৪-১ গোলে হেরে শিরোপ হাত ছাড়া হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
শুক্রবার (৩০ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে ই-টায়ারের ফাইনাল হয়।
এ ম্যাচে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মোহি হ্যাটট্রিক করেন। বাংলাদেশের একমাত্র গোলটি করেন তাকিব। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। চতুর্দশ মিনিটে মোহির গোলে এগিয়ে যায় তারা। দুই মিনিট পর পেনেলের গোলে ব্যবধান দ্বিগুণ করে আফ্রিকার দলটি।
দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ানোর আশা জাগায়। ২৩তম মিনিটে তাকিবের গোলে ব্যবধান কমায় তারা।
তবে সে স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে নেন মোহি।
৩৯তম মিনিটে আরেকবার জালের দেখা পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়ে ই-টায়ারের শিরোপা নিশ্চিত করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক।
আরও পড়ুন <<>> মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, বদলি জাকের
ফাইনালে বড় ব্যবধানে হারলেও নকআউট পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কোয়ার্টার-ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা।
নবম মিনিটে বায়জিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাভেল। ৩৪তম মিনিটে শাবোকের গোলে স্কোরলাইন হয় ৩-০। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন পাভেল।
এরপর সেমি-ফাইনালে গ্যাবনের বিপক্ষে কঠিন লড়াইয়ে নামে বাংলাদেশের কিশোররা। চতুর্দশ মিনিটে রাতুলের একমাত্র গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে ফাইনালের টিকিট কাটে তারা।
এবারই প্রথম হচ্ছে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল। আসরে অংশ নিয়েছে ১৮৯টি দেশের দল। আটজনের দল নিয়ে প্রতিটি ম্যাচে খেলা হয় ২০ মিনিটের দুই অর্ধে।
ছয়টি ভিন্ন টায়ারে ভাগ করা প্রতিযোগিতায় ই-টায়ারের ফাইনালে হেরে সামগ্রিকভাবে ১৩০তম স্থানে থেকে অভিযান শেষ করল বাংলাদেশ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































