Apan Desh | আপন দেশ

সাউরির নিহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:৩৮, ২৯ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩৯, ২৯ অক্টোবর ২০২৬

সাউরির নিহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদের

ফাইল ছবি, আপন দেশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নিখোঁজ হওয়ার পর থেকে তাহসিফের সঙ্গে কী ঘটেছে, তার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরতে হবে। পাশাপাশি এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে নাহিদ ইসলাম লেখেন, নিখোঁজের এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাওরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ ঘটনায় আমি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এ কঠিন সময়ে মহান আল্লাহ তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আমি অবিলম্বে এ ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একইসঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচার নিশ্চিত করতে হবে।  

আরও পড়ুন<<>>তাহসিফের মৃত্যু নিয়ে যা জানালেন বাবা

পোস্টের শেষে তিনি লেখেন, আমি মরহুম কে এম তাহসিফ সাওরির আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। জানা গেছে, রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের করবী ভবনে বসবাস করতেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি।

তাহসিফের বাবা এনায়েতুল করিম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর তাহসিফের বন্ধুস্থানীয় দ্বীপ নামের এক ছোট ভাই বাসার নিচে এসে তাকে ডাকেন। দ্বীপের সঙ্গে কথা বলে ফিরে আসবেন জানিয়ে বাসা থেকে নিচে নামেন তাহসিফ। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়