ছবি : সংগৃহীত
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কর্মসূচির ঘোষণা দিয়ে সাধারণ মানুষকে সমাবেশে যোগ দেয়ার আহবান জানান হাসনাত আবদুল্লাহ।
ভিডিওবার্তায় তিনি বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের মন খারাপ করার অধিকারও যেন নেই। কেউ অসন্তোষ প্রকাশ করলেও তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন <> বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
হাসনাত বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানো এবং নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।
এর পাশাপাশি আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের কারণে রাস্তাঘাটে আবারও ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
এসব পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন এনসিপির এ নেতা।
তিনি আরও বলেন, সুশাসন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার এ লড়াইয়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































