ফাইল ছবি
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাড় ভেঙে যাওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এমআরআই রিপোর্টে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে গত ২৯ এপ্রিল করা এমআরআই রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্ট অনুযায়ী, পলকের মেরুদণ্ডের হাড়গুলো স্বাভাবিক অবস্থায় রয়েছে। কোথাও হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার প্রমাণ মেলেনি।
তবে রিপোর্টে তার কোমর ও ঘাড়ে কিছু ডিস্কজনিত সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের ভাষায়, ডিস্ক হলো মেরুদণ্ডের হাড়ের মাঝখানে থাকা নরম অংশ, যা বয়স, শারীরিক চাপ বা দীর্ঘদিনের সমস্যার কারণে ফুলে উঠতে পারে। পলকের কোমরের L2-L3 ও L3-L4 অংশে এবং ঘাড়ের C5-C6 ও C6-C7 অংশে ডিস্ক বাল্জ শনাক্ত হয়েছে।
রিপোর্টে আরও বলা হয়েছে, এসব ডিস্ক কিছুটা চাপ তৈরি করলেও স্নায়ুর বড় ধরনের ক্ষতি হয়নি। এছাড়া তার স্পাইনাল কর্ডেও কোনো জটিলতা পাওয়া যায়নি।
এদিকে হৃদযন্ত্রের পরীক্ষাতেও বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। ইকোকার্ডিওগ্রাফি রিপোর্ট অনুযায়ী, তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবেই কাজ করছে।
চিকিৎসকদের মতে, পলকের বর্তমান সমস্যাগুলো মূলত ডিস্ক ও মাংসপেশিজনিত। সাধারণত বিশ্রাম, ওষুধ ও ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যার চিকিৎসা করা হয়।
আরও পড়ুন <<>> জাতীয় নির্বাচনে ব্যয়ের পরিমান জানালো জামায়াত ইসলামী
এর আগে গত ২৪ এপ্রিল প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেয়ার পথে ঘাড়ে আঘাত পাওয়ার কথা জানান পলক। পরে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি আদালতে চিকিৎসার আবেদন করেন। এরপর ২৬ এপ্রিল তার এমআরআই পরীক্ষা করা হয়।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার (০৬ মে) থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় বর্তমানে পলাতক থাকলেও পলক গ্রেফতার অবস্থায় কারাগারে রয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































