ছবি : আপন দেশ
সীমান্ত রক্তাক্ত করলে, ভালো সম্পর্ক হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে তো ভালো সম্পর্ক হবে না।’
রোববার (১০ মে) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৪৫তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতে নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার। বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে। সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে? শনিবার (০৯ মে) ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ তো ভারতের মানুষও চায় না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।’
ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির কাঠামো নির্মাণ করেন উল্লেখ করে রিজভী বলেন, ‘আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। নানা সময়ে নানা কথা আসতে পারে, আপনারা আপনাদের কাজ করে যাবেন। আপনাদের পেশার মূল্যায়ন জনগণ করবে। নির্বাচিত সরকার এখন ক্ষমতায়। নির্বাচিত সরকার উন্নয়ন উৎপাদনে যারা ভূমিকা রাখে সবাইকেই মূল্যায়ন করবে।’
তিনি বলেন, ‘নানা মত থাকতে পারে। কিন্তু আপনারা দেশাত্মবোধ নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সকাল ৯টা থেকে গভীর রাত পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরলস পরিশ্রম, শুধু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।’
রিজভী বলেন, ‘নির্বাচনের আগে যে অঙ্গীকার আপনারা শুনেছেন, যে অঙ্গীকারগুলো আমরা অবহিত করেছি সেগুলো যাতে যথাযথভাবে যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়, সেজন্য সরকারের কোনো চেষ্টার কমতি নেই।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো ফাঁপা কমিটমেন্ট করেননি, অতীতে ১০ টাকা কেজি চাল দেব, ঘরে ঘরে কাজ দেব; এ ধরনের ফাঁপা প্রতারণামূলক কোনো অঙ্গীকার তারেক রহমান করেননি।’
আরও পড়ুন : আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন
আট লাখ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের চাওয়া ও বেঁচে থাকার লড়াই এবং নিজের মর্যাদার জন্য আপনাদের ন্যায়সঙ্গত বিষয়গুলো সরকার নজরে রাখবে বলে উল্লেখ করেন তিনি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































