ছবি: আপন দেশ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলীয় সরকারের অধীনে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সাম্প্রতিক উপনির্বাচনগুলো তা আবারও প্রমাণ করেছে। ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে তিনি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে ব্যাপক ভোট কারচুপি, জাল ভোট প্রদান এবং বিরোধী দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। আমরা এ প্রহসনের নির্বাচন বর্জন করছি। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা চাই, অবিলম্বে এ দুই আসনে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হোক।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হয় না। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই স্বচ্ছ হয়নি।
আরও পড়ুন <<>> সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু বিএনপির
তিনি আবার বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। গণভোটের রায় নিয়ে সরকার দ্বিচারিতা করছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এ জাতির ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভের কোনো রাস্তা অবশিষ্ট নেই।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































