আরসালান বাট ও মাম্য শাজাফর। ছবি : সংগৃহীত
কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ তোলার পর পাকিস্তানি মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাম্য শাজাফরকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার সহ-অভিনেতা আরসালান বাট। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ তুলেছিলেন মাম্য শাজাফর। এরপরই বিষয়টি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি নোটিশের বিষয়টি প্রকাশ করেন আরসালান বাট। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত বর্ষিত হোক।
তিনি আরও লেখেন, মিথ্যা ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহবানও জানান তিনি। অন্যথায় মানহানি ও ফৌজদারি আইনে পদক্ষেপ নেয়ার ইঙ্গিত দেন অভিনেতা।
কমেন্টে আরসালান বাট অভিযোগগুলোকে মিথ্যা দাবি করে বলেন, তিনি অশ্লীল নন এবং সস্তা জনপ্রিয়তারও কাঙাল নন। একই সঙ্গে তিনি ঘটনার পরিণতি ভয়াবহ হতে পারে বলেও মন্তব্য করেন।
প্রতিবেদন অনুযায়ী, আইনি নোটিশে মাম্য শাজাফরের অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন <<>> ‘লাইলি খালা’র গানে মুগ্ধ নেটিজেনরা
নোটিশে তাকে বক্তব্য প্রত্যাহার, সাক্ষাৎকার সরিয়ে নেয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।
কয়েকদিন আগে একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে মাম্য শাজাফর ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে খারাপ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সেখানে তিনি দাবি করেন, শুটিং সেটে তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিলেন আরসালান বাট। তার ভাষ্য অনুযায়ী, অভিনেতা অনুচিত আচরণ করেছিলেন এবং পরে বিষয়টি মীমাংসার সময় তাকে জড়িয়ে ধরার চেষ্টাও করেন।
মাম্য শাজাফর জানান, তিনি সে আচরণ প্রত্যাখ্যান করলে আরসালান বাট ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
এসব বক্তব্য প্রকাশের পরই আইনি নোটিশ পান তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি মাম্য শাজাফর।
বর্তমানে তিনি লাভ দি সুয়ান সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফারহান সাঈদ। সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































