Apan Desh | আপন দেশ

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২৫ মে ২০২৬

হোয়াটসঅ্যাপে ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে

ছবি : সংগৃহীত

ব্যবহারকারীদের গোপনীয়তা আরও জোরদার করতে নতুন ইউজারনেম ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে ফোন নম্বর না দিয়েও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে, যা টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের মতো ইউজারনেমভিত্তিক ব্যবস্থার সঙ্গে মিল থাকবে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। কেউ সে ইউজারনেম দিয়ে যোগাযোগ করলে তখন ফোন নম্বরের বদলে শুধু ওই ইউজারনেমই দেখা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য ফোন নম্বর বাধ্যতামূলক। নতুন ফিচার চালু হলে অপরিচিত বা নতুন যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রাখা সহজ হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি একটি ঐচ্ছিক ফিচার হবে। অর্থাৎ ব্যবহারকারীরা চাইলে আগের মতো ফোন নম্বর দিয়েই ব্যবহার চালিয়ে যেতে পারবেন, আবার চাইলে ইউজারনেম ব্যবহার করে পরিচয় গোপন রেখে যোগাযোগ করতে পারবেন।

প্রতিটি অ্যাকাউন্টে একটি ইউজারনেম ব্যবহার করা যাবে এবং পরে তা পরিবর্তনও করা সম্ভব হবে। ইউজারনেম পরিবর্তন হলেও চ্যাট বা অ্যাকাউন্ট সেটিংসে কোনো প্রভাব পড়বে না। তবে লগইন ও অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য ফোন নম্বর আগের মতোই থাকবে।

ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে। এটি ৩ থেকে ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে। অন্তত একটি ইংরেজি বর্ণ থাকতে হবে। শুধু ইংরেজি অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর ও ডট ব্যবহার করা যাবে।

আরও পড়ুন <<>> ইলন মাস্কের চোখ এবার মহাকাশে

কিছু নিষেধাজ্ঞাও থাকছে। ইউজারনেম www দিয়ে শুরু করা যাবে না, শুরু বা শেষে ডট ব্যবহার করা যাবে না, পাশাপাশি টানা দুটি ডটও ব্যবহার করা যাবে না। .com, .org বা .in-এর মতো ডোমেইন এক্সটেনশন দিয়ে ইউজারনেম শেষ করাও যাবে না।

ফিচারটি ব্যবহারের জন্য সেটিংসে গিয়ে প্রোফাইল অপশনে ইউজারনেম সেট করতে হবে। নামটি যদি বৈধ ও খালি থাকে, তবে তা সংরক্ষণ করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ ফিচার অনলাইন ব্যবসা, কমিউনিটি গ্রুপ এবং অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রেতা–বিক্রেতা বা নতুন গ্রুপে যুক্ত হওয়ার সময় ব্যক্তিগত নম্বর শেয়ার না করেও যোগাযোগ করা সম্ভব হবে।

হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে কিছু অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করেছে। ধাপে ধাপে এটি আরও ব্যবহারকারীর কাছে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, টেলিগ্রাম ও ডিসকর্ডের মতো প্ল্যাটফর্মে ইউজারনেমভিত্তিক যোগাযোগ আগে থেকেই জনপ্রিয়। হোয়াটসঅ্যাপে এ সুবিধা যুক্ত হলে ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা আরও বাড়বে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়