Apan Desh | আপন দেশ

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা ‘অশোভনীয়’: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:২৫, ২৬ মে ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা ‘অশোভনীয়’: আইনমন্ত্রী

ছবি: আপন দেশ

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে ‘অশোভনীয়’ বলে মন্তব্য করেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও সঙ্গে অসম্মানজনক আচরণ কাম্য নয়।

সোমবার (২৫ মে) বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে এনসিপির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, সেটিকে এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে। তবে, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, সেটা কেউ কামনা করে না এবং সেটি মোটেও শোভনীয় নয়।

তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা দ্রুত বিচারের আওতায় আনতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলো ঈদের ছুটির মধ্যেও সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার আন্তরিক। আপনারা দেখবেন, আগামী ১ জুন থেকে রামিসা হত্যার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। ঈদের ছুটির পর আদালত খোলার প্রথম দিনই বিচার শুরু হবে।

আইনমন্ত্রী বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দি নেয়া হয়েছে। আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেয়া হবে, সেটিও হয়েছে। বিচারিক প্রক্রিয়া ইতোমধ্যে এগিয়ে গেছে।

আরও পড়ুন <<>> গুণ্ডা-ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে: আইনমন্ত্রী

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা, কৃষকদলের সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক তবারক হোসেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

এরপর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারী মাঠ প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সেখান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান প্রমুখ। সমাপনী অনুষ্ঠানের আগে মন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা সংলগ্ন স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়