ছবি: আপন দেশ
দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকাল থেকে রাত পর্যন্ত টাঙ্গাইল, বগুড়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও গোপালগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
টাঙ্গাইল
সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে টাঙ্গাইলে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হন। ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ট্রাকের ওপর চড়ে ঈদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের ওপর থাকা যাত্রীরা রডের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত ছয়জন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে যান।
কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।
গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, মালবাহী ট্রাকে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহতদের জন্য ১৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
বগুড়া
বগুড়ায় পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন জেসমিন খাতুন ও তার মেয়ে তণু আক্তার। আহত হন অটোরিকশাচালক শাওন মিয়া।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় মোটরসাইকেলচালক আনিছুর রহমান ও তার চার বছরের মেয়ে পুষ্প নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী আয়েশা বেগম।
ফায়ার সার্ভিস কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘাতক যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের মিঠামইনে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ও তাদের ছয় বছরের সন্তান নিহত হয়েছেন। নিহতরা হলেন মনির হোসেন, মুন্নি আক্তার ও শিশু আয়ান। দুর্ঘটনার পর পালানোর সময় জনগণ পিকআপভ্যানটি আটক করে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন <<>> বৈরী আবহাওয়ার কবলে ঘরমুখো মানুষ, দীর্ঘ যানজটে ভোগান্তি
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় সিএনজি ও লবণবোঝাই ভটভটির সংঘর্ষে সারা খাতুন নামে এক শিশু মারা যায়। অন্যদিকে মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় আহম্মদ নামে আরেক শিশু নিহত হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের কিটিংচর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মোটরসাইকেলচালক কাউসার আহম্মেদ নিহত হন। আহত হন আরাফাত নামে আরেক যুবক।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, বাসটি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে দুর্ঘটনা আরও ভয়াবহ রূপ নেয়।
আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































