ছবি: আপন দেশ
রাষ্ট্রের অন্দরমহলে সক্রিয় প্রভাবশালী ‘ডিপ স্টেট’ বা অদৃশ্য শক্তির নীলনকশার কথা জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ অফার করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল আইনি মারপ্যাঁচের মাধ্যমে বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনী মাঠের বাইরে রাখা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, সাংবিধানিক ধারাবাহিকতার ওই অংশটাই ওনাদের প্রয়োজন, যেটা আসলে ওনাদের স্বার্থের জন্য কাজে লাগে। যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা ভঙ্গ করলে ওনাদের লাভ হয়, সেটা আবার ওনাদের জন্য ‘হারাম’। যদি সত্যিই সংবিধান রক্ষা করতে হতো, তবে তো নির্বাচন ২০৩০ সালে হওয়ার কথা ছিল।
তিনি বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের ‘ডিপ স্টেট’ বলা হয়, তাদের কাছ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল– আপনারা শেখ হাসিনার মেয়াদ ২০২৯ পর্যন্ত শেষ করুন। আমরা আপনাদের সহযোগিতা করব।
তিনি জানান, এ প্রস্তাবের পেছনে রাজনৈতিক মারপ্যাঁচে ভরা রোডম্যাপ ছিল। এতে বিএনপি নেতাদের সাজা বহাল রাখা এবং আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া দীর্ঘায়িত করার কৌশল অন্তর্ভুক্ত ছিল। এমনকি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচনের বাইরে রাখার স্ট্রাটেজিও সাজানো হয়েছিল।
আরও পড়ুন <<>> জামায়াত ক্ষমা না চেয়ে উল্টো বয়ান তৈরি করছে: ছাত্রদল সভাপতি
সাবেক উপদেষ্টা বলেন, ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা সবসময় গণতন্ত্র ও নির্বাচনের প্রতি প্রতিশ্রুতি বজায় রেখেছেন। তিনি বলেন, আমরা কোনো সমঝোতায় যাইনি। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য আমরা নিজেরা পদত্যাগ করেছি। অথচ এখন দেখা যাচ্ছে, বিগত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা দুজন ব্যক্তি বর্তমান সরকারের মন্ত্রী পদমর্যাদায় রয়েছেন।
তিনি সমালোচনা করে বলেন, যারা একসময় নির্বাচনের সমান সুযোগ বা ‘লেভেল প্লেইং ফিল্ড’ তৈরির দোহাই দিয়ে পদত্যাগ চেয়েছিল, তারাই এখন আগের সরকারের সুবিধাভোগীদের পুরস্কৃত করছে।
আসিফ মাহমুদ উল্লেখ করেন, সাংবিধানিক ধারাবাহিকতার আড়ালে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা সম্ভব ছিল যদি তারা ‘ডিপ স্টেট’ এজেন্সির সঙ্গে আপস করতেন। কিন্তু জনগণের ম্যান্ডেট ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রাখার কারণে তারা সময়মতো নির্বাচন অনুষ্ঠিত করিয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































