ডা. শফিকুর রহমান। ছবি : আপন দেশ
দীর্ঘ ১৮ বছর দেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল। আজ এ ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সে অপেক্ষার শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্যকালে এমনটা জানান তিনি।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ গত ১৮ বছর যাবৎ আজকের এ ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল। একই সময় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথাও স্মরণ করেন ডা. শফিকুর রহমান।
আরও পড়ুন<<>>মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই: প্রধানমন্ত্রী
সংসদের বিরোধীদলীয় এ নেতা বলেন, আমরা গতানুগতিক কোনো বিরোধীদল হিসেবে সংসদে ভূমিকা রাখব না ৷ দেশের উন্নয়নে সরকারের যেকোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে জামায়াত।
এর আগে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিল শুরু হয়। যেখানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়াও ইফতার মাহফিলে সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য ও নেতৃবৃন্দ, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































