Apan Desh | আপন দেশ

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১৪, ১৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১১:১৪, ১৭ এপ্রিল ২০২৬

শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেলের পদত্যাগ

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তিনি তার পদত্যাগপত্র জমা দেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত এ অধিদফতরের মাধ্যমিক শাখার পরিচালক পদে কর্মরত প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারী ও সাবসিডিয়ারী আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেয়া হলো।

আরও পড়ুন<<<>>>ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে ক্যাম্পাসে তালা

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ড. খান মইনুদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, আজ সকালে মন্ত্রীর একান্ত সচিবের পদ থেকে পদত্যাগ করেছি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাউশির শীর্ষ পদে আসীন হতেই তিনি পিএস পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

এর আগে গত ১৩ এপ্রিল ডিজির অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি করা হয়। তিনি মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাউশির সাবেক ডিজি অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে বি এম আব্দুল হান্নানকে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়