Apan Desh | আপন দেশ

মাটি বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ  

নোয়াখালী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৫৬, ১৭ এপ্রিল ২০২৬

মাটি বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ  

ছবি : আপন দেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির টপ সয়েল (উপরের উর্বর মাটি) কেটে বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আহমেদ পুলার উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমির মাটি ব্যবসার উদ্দেশ্যে কিনে নেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে ওই মাটি ইটভাটায় বিক্রি করতে ব্যর্থ হন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার অনুসারী মীর হোসেন টিটু (৩৮), ফকির (৩৫) ও সাইফুলের (৩৫) সহায়তায় পুনরায় মাটি কেটে বিক্রির কাজ শুরু করেন পুলার। খবর পেয়ে স্থানীয় মুজিব, আশ্রাফুল, ও তারেক এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পুলারের সমর্থকদের আক্রমণের মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাদের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তার লোকজন।  

আরও পড়ুন<<>>২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মুজিব দাবি করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অপরদিকে অভিযুক্ত আহমেদ পুলারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পায়া যায়নি।

এ বিষয়ে সেনবাগ থানার ওসি মো. আবুল বাশার বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা সত্য। দুই পক্ষই মাটির ব্যবসা করে। টপ সয়েল মাটি কাটা অবশ্য অবৈধ। যারা জমির মালিক থেকে মাটি কিনেছে তারা তাদের মত মাটি নিয়ে যাচ্ছে। বাধা প্রদান করলে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে যারা সরে যেতে বাধ্য হয় তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।   

আপন দেশ/জেডআই 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়