Apan Desh | আপন দেশ

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান |

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে ও গণতান্ত্রিক যাত্রাকে সার্থক করতে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ নতুন পথচলায় জনগণের আশার প্রতিফলন ঘটানোই সরকারের প্রধান লক্ষ্য।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে চাই। সব রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে জনগণ, তাই তাদের কথা মাথায় রাখতে হবে সবার আগে।

তিনি বলেছেন, দেশের মানুষ আজ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। দীর্ঘ আন্দোলন ও অকাতরে জীবন দেয়ার বিনিময়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, এ গণতন্ত্র ফিরে পেতে বাংলাদেশের মানুষকে এক যুগেরও বেশি সময় ধরে লড়াই করতে হয়েছে। মানুষ অকাতরে জীবন দিয়েছে। অসংখ্য মানুষ অত্যাচার, নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছে। এ বিশাল ত্যাগের বিনিময়েই আজ আমরা গণতন্ত্র চর্চার সুযোগ পেয়েছি। এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।

তারেক রহমান রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, দেশের মানুষ আজ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আসুন এ ইফতার মাহফিলে আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি। আমাদের আগামীদিনের সব কাজ হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

তিনি আরও বলেন, আমরা আল্লাহর কাছে রহমত চাই যেন তিনি আমাদের সেই শক্তি দেন। দেশের মানুষের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এসময় তাকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি জামায়াতে ইসলামীর আমিরসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ক্বারী বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, এটিএম আজহারুল ইসলাম এমপি, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি, আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী এমপি, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ সেলিম উদ্দিন, নুরুল ইসলাম বুলবুল এমপি প্রমুখ। 

ইফতারীর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ১১দলীয় ঐক্যের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়