ছবি : সংগৃহীত
ইয়েমেনের বিদ্রোহী হুথিদের ধারাবাহিক হামলার মধ্যে সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সই হওয়া প্রতিরক্ষা চুক্তির আওতায় এ সহায়তা দেয়া হতে পারে বলে জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) তুরস্কের এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে ফিদান বলেন, সৌদি আরবের ভূখণ্ড ও সার্বভৌমত্বের ওপর গুরুতর হামলা হচ্ছে। তিন দেশের প্রতিরক্ষা চুক্তির কারণে এ পরিস্থিতিতে সৌদির পাশে থাকার বিষয়ে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।
ফিদান বলেন, কিছু কারিগরি ক্ষেত্রে সৌদির সামরিক সহায়তা প্রয়োজন তৈরি হতে পারে। এসব প্রয়োজন পূরণে আমাদের কোনো সমস্যা হবে না।
গত মাসে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। এতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তির অধীনে ইতোমধ্যে জোটের প্রাথমিক প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার কাজও এগিয়েছে।
ফিদান বলেন, সৌদি আরবকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করা গ্রহণযোগ্য নয়। তার ভাষ্য, রিয়াদের এ সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই। যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে বিভিন্ন প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন<<>>যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৩ শর্ত
তিনি বলেন, অনেক উদ্যোগ রয়েছে, তবে পক্ষগুলোকে সেগুলো গ্রহণ করতে হবে। নতুন কিছু প্রস্তাবও দেয়া হয়েছে। আশা করি তারা তা গ্রহণ করবে। অন্যথায়, সংকটকে একপর্যায়ে সহ্য করা গেলেও এখন এর অর্থনৈতিক প্রভাব সহনীয় সীমা ছাড়িয়ে যাচ্ছে।
এরআগে এদিন হুথি বিদ্রোহীরা জানায়, তারা সৌদির রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এছাড়া তেল উৎপাদনকারী আরামকোর অবকাঠামো টার্গেটের কথা জানায় তারা।
শনিবার রিয়াদের প্রধান বিমানবন্দরের পাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। পরে জানা যায় সেখানে থাকা আরামকোর একটি ডিপোতে ড্রোন বা মিসাইল ছুড়েছে হুথিরা। আর ওই ডিপোতে ছিল জেট ফুয়েল বা বিমানের জ্বালানি।
এ হামলার পর রিয়াদের বিমানবন্দরে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এ সময় শত শত ফ্লাইট বাতিল ও আরও কয়েকশ ফ্লাইট ব্যাপক বিলম্ব হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































