ছবি : সংগৃহীত
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটি। পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার কথা জানানো হয়েছে।
একই সঙ্গে ইতালীয় ভাষা শেখার ক্ষেত্রে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ভাষা শেখার ব্যবস্থা করার পরিকল্পনাও করা হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রোমে নিজ দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
মেলোনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি শ্রেণিতে সর্বোচ্চ কতজন থাকতে পারবে, সে বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব উপস্থাপন করা হবে।
আরও পড়ুন: ফরাসি ভাষা শিক্ষা কেন্দ্র বন্ধ করল ইরান
তবে শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত হবে, তা তিনি জানাননি।
তিনি বলেন, কোনো শ্রেণিতে একজন শিক্ষার্থী ইতালীয় ভাষা না জানলে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় তার ভাষা শেখা এবং স্কুলের পরিবেশে মানিয়ে নেয়া সম্ভব। কিন্তু ভাষা না জানা শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে গেলে। তা আর সামাজিক একীভূতকরণ নয়। বরং অবহেলায় পরিণত হয়।
এ ছাড়া স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার কথাও জানান মেলোনি। তবে হিজাব নিষিদ্ধের কথা তিনি বলেননি। প্রস্তাবটি সরকার অনুমোদনের পর আইনে পরিণত করতে সংসদের অনুমোদন প্রয়োজন হবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































