আ. লীগের সাবেক ৭ এমপিসহ স্বজনদের বিরুদ্ধে মামলা করবে দুদক
আওয়ামী লীগের সাবেক সাত এমপি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। এসব মামলায় সাবেক এমপিদের পাশাপাশি তাদের স্ত্রী, ভাই ও সন্তানদেরও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদ বিবরণীতে তথ্য গোপন, ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তর এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
০৯:৫৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ বুধবার