ছবি : আপন দেশ
বাংলাদেশের রফতানি বহুমুখীকরণে বড় সম্ভাবনাময় খাত হতে পারে হালাল পণ্য। এ সম্ভাবনা কাজে লাগাতে একটি স্বতন্ত্র ‘বাংলাদেশ হালাল ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।
একই সঙ্গে আন্তর্জাতিক মানের হালাল সার্টিফিকেশন ব্যবস্থা অনুসরণের সুপারিশ করেছে সংগঠনটি। এছাড়া কারিগরি ও শরিয়া মানদণ্ড অনুসরণ, প্রয়োজনীয় অবকাঠামো এবং দক্ষ জনবল তৈরিরও সুপারিশ করা হয়েছে।
‘হালাল পণ্য বাংলাদেশের রফতানি বহুমুখীকরণের অন্যতম প্রধান খাত (Halal for Export Diversification)’ শীর্ষক একটি নীতিমালা সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে বিসিআই। প্রতিবেদনটি সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (১৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিসিআই বলেছে, স্থানীয় ও বৈশ্বিক বাজারে বাংলাদেশের হালাল পণ্যের অবস্থান শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিগরি ও শরিয়া মানদণ্ড নিশ্চিত করার পাশাপাশি হালাল সার্টিফিকেশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।
আরও পড়ুন <<>> বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদ গঠন, সালমান এফ রহমান বাদ
যে উদ্যোগের প্রস্তাব বিসিআইর
প্রতিবেদনে হালাল পণ্যের রফতানি বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
• একটি স্বতন্ত্র ‘বাংলাদেশ হালাল ডেভেলপমেন্ট অথরিটি’ গঠন;
• আন্তর্জাতিক মানের হালাল সার্টিফিকেশন ব্যবস্থা চালু ও কার্যকর করা;
• কারিগরি ও শরিয়া মানদণ্ড অনুসরণ নিশ্চিত করা;
• হালাল পণ্য উৎপাদন ও রফতানির প্রয়োজনীয় অবকাঠামো তৈরি;
• এ খাতের জন্য দক্ষ জনবল গড়ে তোলা;
• স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের হালাল পণ্যের অবস্থান শক্তিশালী করার কৌশল নির্ধারণ।
অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রতিবেদন
বিসিআই জানায়, হালাল পণ্যের সম্ভাবনা নিয়ে গত কয়েক বছর ধরে কাজ করছে সংগঠনটি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নির্ধারণে গত ১৭ জানুয়ারি সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি গোলটেবিল বৈঠক আয়োজন করা হয়। পরে ১৮ জুলাই সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে দিনব্যাপী কর্মশালা হয়।
এসব বৈঠক, কর্মশালা ও অংশীজনদের মতামতের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বিসিআই।
প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর
বিসিআই জানায়, গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের সভায় হালাল পণ্যের গুরুত্ব তুলে ধরেন সংগঠনটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। এসময় তিনি বিসিআইর তৈরি হালাল পণ্যবিষয়ক নীতিমালা সংক্রান্ত প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
পরে প্রতিবেদনটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।
বিসিআইর সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন, এনডিসি বলেন, হালাল পণ্যের রফতানি বৃদ্ধি বাংলাদেশের রফতানি বহুমুখীকরণের অন্যতম প্রধান খাত হতে পারে। এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও কার্যকর নীতিগত সহায়তা প্রয়োজন।
আপন দেশ/কেএম/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































