ফাইল ছবি
মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর এখন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের অপেক্ষা গেজেট প্রকাশের। গেজেটের খসড়া বর্তমানে চূড়ান্ত পর্যালোচনা ও হালনাগাদের পর্যায়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) থেকে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে একটি মূল প্রজ্ঞাপনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য আরও পাঁচ থেকে সাতটি পৃথক এসআরও জারির প্রস্তুতি চলছে। এসব নথিতে বেতন ফিক্সেশন, ভাতা, পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা বাস্তবায়নের বিস্তারিত বিধান থাকবে।
অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল-সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, খসড়া পর্যালোচনায় কোনো অসংগতি পাওয়া গেলে তা হালনাগাদ করা হচ্ছে। এরপর দ্রুত আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষে প্রয়োজনীয় সংশোধন করে বিজি প্রেসে পাঠানো হবে।
মন্ত্রিসভা গত ৩১ আগস্ট জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করে। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। তবে অনুমোদনের পর সরাসরি গেজেট প্রকাশ নয়—খসড়া প্রজ্ঞাপন ও এসআরও প্রস্তুত, আইনগত যাচাই এবং বিজি প্রেসের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে।
আইবাস++-এও প্রস্তুতি
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারি বেতন-ভাতা ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস++-এ প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে। বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশনসংক্রান্ত তথ্য হালনাগাদ করা হচ্ছে। ২০১৫ সালে বর্তমান পে-স্কেল চালুর সময় আইবাস++ ছিল না। এবার ধাপে ধাপে নতুন কাঠামো বাস্তবায়নের কারণে সফটওয়্যারে তথ্য ও হিসাবের কাঠামোও হালনাগাদ করতে হচ্ছে।
সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল থাকছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার টাকা। প্রথম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত হয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন বাড়বে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা এবং সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
পেনশন ও বাস্তবায়ন
নিট পেনশনপ্রাপ্তদের ক্ষেত্রে ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত রয়েছে। ৯ হাজার টাকা বা কম পেনশনে ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজারে ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজারে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজারে ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা বেশি পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে।
নতুন পে-স্কেল ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে ধাপে বাস্তবায়ন হবে। সরকারের হিসাবে এতে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন। অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
আপন দেশ/কেএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































