ছবি: আপন দেশ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেয়ার নামে একদল প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন প্রতারণা থেকে বাঁচতে সর্বসাধারণকে সতর্ক করার পাশাপাশি এনআইডি সংক্রান্ত সেবার বিষয়ে জানতে নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের আহবান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়েছে।
এতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণকে সতর্ক করা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একদল প্রতারক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশোধন করে দেয়ার নামে জনসাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে প্রতারকচক্র নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবি ব্যবহার করছে।
আরও পড়ুন<<>>গত ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪
বিজ্ঞপ্তি আরও বলা হয়, এনআইডি সংশোধনের ক্ষেত্রে বা এনআইডি সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম যেমন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক প্রভৃতি ব্যবহার করে না।
এ অবস্থায় এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে সর্বসাধারণকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। সেসঙ্গে এনআইডি বিষয়ে সেবা পেতে হটলাইন নম্বর ১০৫ এ কল করে কথা বলার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































