Apan Desh | আপন দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা 

সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহবান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ১৫ নভেম্বর ২০২৬

সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহবান

ছবি: আপন দেশ

সিপাহি-জনতার ঐতিহাসিক সংহতির চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি। রোববার (১৫ নভেম্বর) নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭৫ সালের ০৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক যাত্রার পথে যে ঐতিহাসিক মোড় তৈরি হয়েছিল। বর্তমান সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংস্কারে সেইচেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ১৯৭৫ সালের ০৭ নভেম্বর কোনো একক গোষ্ঠীর ঘটনা ছিল না; এটি ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ঐক্যের বহিঃপ্রকাশ। সে বিপ্লবের মধ্য দিয়েই দেশে বহুদলীয় গণতন্ত্র ও উৎপাদনমুখী রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল।

প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর তিনি বলেন, দেশের যেকোনো ক্রান্তিকালে এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বর্তমান সরকারের উন্নয়ন ও সংস্কারের ধারা বেগবান করতে প্রবাসীদের মেধা, অভিজ্ঞতা ও রেমিট্যান্স প্রবাহ অব্যাহত রাখার আহবান জানান তিনি। পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন জহির উদ্দিন স্বপন।

আরও পড়ুন<<>>দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কসোভো-বাংলাদেশের বৈঠক

নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের আইন বিষয়ক কমিটির সভাপতি ব্যারিস্টার নওশাদ জমির, এমপি, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির ০৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংহতি বজায় রেখে আইনের শাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই এখন সময়ের প্রধান দাবি।

 জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক তার বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান এবং দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা মুক্ত গণমাধ্যম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানান।

আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। পরে দেশ ও জাতির অব্যাহত শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থায়ী মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়