Apan Desh | আপন দেশ

রেল দিবস আজ 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৫৩, ১৫ নভেম্বর ২০২৬

রেল দিবস আজ 

ফাইল ছবি

আজ ১৫ নভেম্বর (রোববার), রেল দিবস। দেশের রেলওয়ের ইতিহাস, গৌরব আর অগ্রযাত্রার দিন। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত প্রথম ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন চালু হয়। বাংলাদেশ ভূখণ্ডে প্রথম রেলপথ চালুর স্মরণে প্রতি বছর এ দিনে দিবসটি পালন করা হয়।

ব্রিটিশ ভারতের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় এক ঐতিহাসিক এবং যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয় এ দিনেই। তৎকালীন ব্রিটিশ সরকারের উদ্যোগে এবং ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের ব্যবস্থাপনায় দর্শনা থেকে কুষ্টিয়া (জেমস ফোর্ড বা পোড়াদহসংলগ্ন এলাকা) পর্যন্ত পরীক্ষামূলক ও নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনাটি এ অঞ্চলে আধুনিক শিল্পায়ন, বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থার আধুনিকীকরণের ক্ষেত্রে এক বিপ্লব ঘটিয়েছিল।

উনিশ শতকের মাঝামাঝি সময়ে ব্রিটিশরা তাদের ঔপনিবেশিক স্বার্থ রক্ষা, প্রশাসনিক নিয়ন্ত্রণ মজবুত করা এবং এ অঞ্চলের কাঁচামাল, বিশেষ করে পাট, তুলা ও খাদ্যশস্য দ্রুত নদীবন্দর ও কলকাতার দিকে নিয়ে যাওয়ার জন্য রেললাইন স্থাপনের উদ্যোগ নেয়। তৎকালীন নদীপথের ওপর নির্ভরশীলতা কমিয়ে দ্রুততম সময়ে পণ্য ও যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে রেলওয়েকে বেছে নেয়া হয়। 

এরই অংশ হিসেবে দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত ৫৩ কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণের কাজ হাতে নেয়া হয়। সে সময় কুষ্টিয়া ও এর আশপাশের জনপদ ছিল অবাণিজ্যিক ও কৃষিপ্রধান এলাকা, যা পরবর্তী সময়ে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এ রেলপথ চালুর পেছনে কুষ্টিয়ার ইস্টার্ন বেঙ্গল রেলওয়ের ভূমিকা ছিল অপরিসীম। 

আরও পড়ুন<<>>বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

স্টিমার ও ট্রেন যোগাযোগের এক চমৎকার সমন্বয় ঘটিয়ে কুষ্টিয়ার ঘাটের মাধ্যমে কলকাতা থেকে পণ্য ও যাত্রী পরিবহন সহজ করা হয়েছিল। প্রথম চালুর দিন থেকেই সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়। কয়লার ধোঁয়া উড়িয়ে চলা এ ‘লোহার ঘোড়া’ বা ট্রেন দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমায়। এ রেল চালুর ফলে কেবল যাতায়াত ব্যবস্থারই উন্নতি হয়নি, বরং বাংলার অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতেও গভীর প্রভাব পড়েছিল। 

কুষ্টিয়া ও এর আশপাশের এলাকায় ব্যবসা-বাণিজ্য প্রসার লাভ করে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। কালক্রমে এ ক্ষুদ্র রেলপথটিই পরবর্তী সময়ে প্রসারিত হয়ে সমগ্র বাংলাদেশে একটি বিশাল রেল নেটওয়ার্কে রূপ নেয়। তাই ১৮৬২ সালের ১৫ নভেম্বর তারিখটি আমাদের জাতীয় ইতিহাস ও আধুনিক যোগাযোগের ক্ষেত্রে এক অবিস্মরণীয় মাইলফলক হয়ে রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে সরকার বিনিয়োগ বাড়িয়েছে। রেলকে গুরুত্ব দিয়ে ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। এরপর থেকে ধীরে ধীরে বিনিয়োগ বেড়েই চলেছে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়