ফাইল ছবি, আপন দেশ
নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করতে গেলেও বাধা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ দাফনে বাধা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে।
নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
আরও পড়ুন<<>>ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় রওশন আরা নামে এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মীর হোসেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার বিকেল ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি নেয়া হয়। তবে এ সময় স্থানীয় একটি পক্ষ দাফনে বাধা দেয়। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের বিভিন্নভাবে চাপ দেয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।
চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, সেখানে আমাদের পুলিশ ছিল। তবে পর্যাপ্ত পুলিশ সদস্য ছিলেন না। আমি নিজেসহ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে কী সমস্যা হয়েছে, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































