ছবি: আপন দেশ
সাবেক চার এমপিসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে জাতীয় সংসদে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরু হয়। এখানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাদের মৃত্যুতে শোকপ্রস্তাব উত্থাপন করেন।
পরে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
শোকপ্রস্তাবে সাবেক এমপিদের মধ্যে রয়েছেন বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। এছাড়া রয়েছেন বিএনপির সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাই।
এছাড়া সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আবদুল মুনতাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
শোকপ্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম; ময়মনসিংহ-১ আসনের এমপি মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম; লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং বিশিষ্ট সাংবাদিক আমির খসরু।
আরও পড়ুন <<>> জুলাই গণঅভ্যুত্থানে গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার
এছাড়া দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিও জাতীয় সংসদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
শোকপ্রস্তাব উত্থাপনকালে স্পিকার বলেন, উত্থাপিত শোকপ্রস্তাবগুলোতে কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়তে পারে। তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে পরবর্তী সময়ে শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। পরে উত্থাপিত শোকপ্রস্তাবগুলো সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































