ছবি : আপন দেশ
সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ও গণভোট ব্যবস্থা ফিরিয়ে আনার প্রস্তাব উঠেছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাইযোদ্ধারা।
তারা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা ও দায়মুক্তির বিষয়ে মতামত দেন। এছাড়া গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আহতদের উন্নত চিকিৎসাসহ পুনর্বাসন বিষয়ে নিজেদের জোরালো প্রস্তাব তুলে ধরেন।
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ঘোষণাপত্রকে সংবিধানের উপযুক্ত অংশে স্থায়ীভাবে ধারণ করার প্রস্তাব রাখা হয়।
একইসঙ্গে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে হয়রানি ও আইনগত জটিলতা নিরসন করে তাদের শতভাগ আইনি সুরক্ষা নিশ্চিতের দাবি করেন। অভ্যুত্থানকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।
এছাড়া দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কার এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আরও পড়ুন <<>> আদালত চত্বরে আসামি পালানোর ঘটনায় কনস্টেবল বরখাস্ত
বিশেষ করে সংবিধানের কোনো গুরুত্বপূর্ণ বিধান পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত নিতে ‘গণভোট’-এর বিধান পুনরায় চালুর প্রস্তাব দেয়া হয়।
পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে রাজনীতিতে তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন আলোচকরা।
বৈঠক সূত্র জানায়, আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে সংবিধান সংশোধন সম্পর্কিত যেসব প্রস্তাব উত্থাপন করা হয়েছে, সেগুলো কমিটি বিবেচনার জন্য গ্রহণ করেছে।
এছাড়া আজকের আলোচনার বাইরেও কারও কোনো লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নূরুল হক এবং এমপি শাকিলা ফারজানা অংশগ্রহণ করেন।
এসময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































