Apan Desh | আপন দেশ

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ বিমানের দুই কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৫৫, ৪ অক্টোবর ২০২৬

শাহজালালে ১৬ কোটি টাকার স্বর্ণসহ বিমানের দুই কর্মী আটক

ছবি: আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

রোববার (৪ অক্টোবর) সকালে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার মো. মানিক মিয়া ও অপর কর্মী মো. মিজান।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-০৫৮২ ফ্লাইটের দুই বিমানকর্মীকে সন্দেহজনকভাবে শনাক্ত করা হয়।

পরে বিমানবন্দরের রানওয়েতে তাদের জুতায় তল্লাশি চালানো হয়। এ সময় জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণবারের সন্ধান পাওয়া যায়। দুই বিমানকর্মীর কাছ থেকে মোট ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণবারের ওজন প্রায় ১১৭ গ্রাম।

আরও পড়ুন<<>>রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৭
 
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণগুলো সাধারণভাবে বহন না করে বিমানকর্মীদের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা হয়েছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই শুরু হয়েছে।

দুবাই থেকে আনা এসব স্বর্ণ বিমানকর্মীদের মাধ্যমে কার কাছে পৌঁছানোর কথা ছিল। এর সঙ্গে আরো কেউ জড়িত কি না এবং কিভাবে স্বর্ণগুলো বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা পার করে আনা হয়েছিল-এসব বিষয় খতিয়ে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। উদ্ধার করা স্বর্ণের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়