Apan Desh | আপন দেশ

বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৩, ২ অক্টোবর ২০২৬

বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ জব্দ, আটক ২

ছবি : আপন দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক কর্মীর কাছ থেকে ১ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। 

এ ঘটনায় বিমানকর্মী ওবায়দুর রহমান ও তার দেয়া তথ্যের ভিত্তিতে এক যাত্রীকে আটক করা হয়। 

শুক্রবার (০২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আরও পড়ুন: বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেফতার 

এতে বলা হয়, বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তা নেয়া হয়। এ ছাড়া অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। বারগুলোর মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম বা প্রায় ১ দশমিক শূন্য ৫ কেজি। এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে পরে এক যাত্রীকেও আটক করা হয়। তবে আটক ওই যাত্রীর নাম প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় উদ্ধার করা স্বর্ণসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়