ছবি: আপন দেশ
রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ।
আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে সারাদেশে উদযাপিত হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
মন্ত্রী বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ পদক প্রদান, বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম, র্যালি, আলোচনা, সেমিনার, কর্মশালা, রেসেপি প্রতিযোগিতা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জাতীয় প্রাণিসম্পদ পদক নীতিমালা অনুযায়ী প্রাণিসম্পদ খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আট ক্যাটাগরিতে ২৩টি পদক প্রদান করা হবে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে। এ পদক জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রদান করবেন।
আরও পড়ুন<<>>নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কের কিছু নেই: এসআরবি
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান ক্রমেই বাড়ছে। ২০২৫-২৬ অর্থবছরে জিডিপিতে এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ, কৃষিজ জিডিপিতে ১৬ দশমিক ৫৬ শতাংশ এবং এ খাতের জিডিপির আকার দাঁড়িয়েছে ৯৪ হাজার ৯ কোটি টাকা।
মন্ত্রী আরও বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে। প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণে এসব উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, নারীর অর্থনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি এবং দারিদ্র বিমোচনেও প্রাণিসম্পদখাত উল্লেখযোগ্য অবদান রাখছে। এসব অর্জন ও সম্ভাবনা প্রমাণ করে কৃষিভিত্তিক অর্থনীতিতে প্রাণিসম্পদ এখন দ্রুত বিকাশমান, সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ উপখাত।
সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খান-সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































